দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক কর্মশালার তথ্য: দেশে বিভিন্ন দুর্যোগে এ পর্যন্ত দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে
বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটে ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে। শুধু ওই বছরই মারা যায় এক লাখ ৩৮ হাজার ৮৬৮ জন।
কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত ‘দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণে তথ্যমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের জন্যে আয়োজিত ওই কর্মশালায় বলা হয়, বাংলাদেশে আগে দুর্যোগ মোকাবেলার কৌশল ঘটনা ঘটার পর ত্রাণ সহায়তার মাধ্যমে সীমাবদ্ধ ছিলো। কিন্তু তাতে যেমন ক্ষয়ক্ষতি এড়ানো যায় না, তেমনি দেশের মানুষকে ত্রাণ নির্ভর করে ফেলা হয়। বর্তমান সরকার এই কৌশল থেকে বেরিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণে উদ্যোগ নিয়েছে। মানুষকে ত্রাণ নির্ভর না করে তাদেরকে ঝুঁকি মোকাবেলায় স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। এজন্যে সরকার ছয়টি জেলাকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় আরো বলা হয়, দুর্যোগের জন্যে কয়েকটি কারণকে চিহ্নিত করা হয়েছে। এতে রয়েছে বন্যা, ভূমিকম্প, অতিবৃষ্টি ইত্যাদি।
কর্মশালায় প্রদত্ত এক পরিসংখ্যানে বলা হয়, বাংলাদেশে ১৯৮৮ সালের বন্যায় দুই হাজার ৩৭৩ জন, ১৯৮৮ সালের সাইক্লোনে পাঁচ হাজার ৭০৪ জন, ১৯৮৯ সালের খরায় ৮০০ জন, ১৯৯১ সালের সাইক্লোনে এক লাখ ৩৮ হাজার ৮৬৮ জন, ১৯৯৬ সালের টর্ণেডোতে ৫৪৫ জন, ১৯৯৭ সালের সাইক্লোনে ৫৫০ জন, ১৯৯৮ সালের বন্যায় এক হাজার ৫০ জন ও ২০০৪ সালের বন্যায় ৭৪৭ জন মানুষ মারা যায়। তবে ১৯৯৪ সালের সাইক্লোনের কোন তথ্য দেওয়া হয়নি।
সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিডিএমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের জন্যে এ কর্মশালার আয়োজন করে। এতে রিসোর্স পারসন ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক নিশিত কুমার সরকার, সিডিএমপির বিশেষজ্ঞ ড.শান্তনা হালদার ও এস এম মোরশেদ।
এর আগে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
