পুলিশ--র্যাবের কঠোর বিধিনিষেধে কুয়াকাটায় থার্টিফাস্ট উৎসব ভেস্তে, পর্যটকরা ফিরে যাচ্ছে নীরবে
বোমা হামলাসহ অজানা সহিংসতার আশংকায় র্যাব--পুলিশের কঠোর বিধি--নিষেধে কুয়াকাটায় ভেস্তে গেছে থার্টিফার্স্ট নাইটের উৎসব।
উৎসব পালন করতে আসা অধিকাংশ পর্যটকই শনিবার দুপুরের মধ্যে কুয়াকাটা ত্যাগ করেন। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যাবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ইংরেজি নতুন বছরের শুরুতে প্রতিবছর থার্টিফার্স্ট উৎসব পালনের জন্যে কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটক আসেন।
এবারও কয়েকদিন ধরে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক কুয়াকাটায় ভিড় জমান। কিন্তু দেশব্যাপী বোমা হামলার প্রেক্ষাপটে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বছর স্থানীয় প্রশাসন থার্টিফার্স্ট উৎসব উপলক্ষে কড়া বিধি--নিষেধ আরোপ করেন।
ইতোমধ্যে কুয়াকাটায় পুলিশ ও র্যাব কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে। পর্যটকদের চলাচলের জন্যে সময়সূচি ও রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে।
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দুই কিলোমিটার দূর পর্যন্ত গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রাখাইন পল্লীতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
‘সব মিলিয়ে অঘোষিত ১৪৪ ধারা জারি করা হয়েছে’, এ মন্তব্য করেন স্থানীয় একজন হোটেল মালিক।
এ অবস্থায় শনিবার দুপুরের মধ্যেই অধিকাংশ পর্যটক কুয়াকাটা ত্যাগ করেন।
স্থানীয় হোটেল স্মৃতির ম্যানেজার জানান, শুক্রবার পর্যন্ত তার হোটেলের সবগুলো কক্ষ ‘বুক্ড’ ছিল। কিন্তু মাত্র দু’টি বাদে সবগুলো কক্ষই শনিবার খালি হয়ে যায়।
