২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার প্রতিবাদে গাজীপুরে ডিসি ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি

গাজীপুর আদালতে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় সাত জন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা ডিসি ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার জয়দেবপুর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দু’টিতে নির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। হামলায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আত্মঘাতী বোমা হামলাবারীদের পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

বোমা হামলা নিয়ে গাজীপুরের মানুষের মধ্যে বর্তমানে বিরাজ করছে চাপা ক্ষোভ। বুধবার নিহত আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুকের লাশ দেখতে এসে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এমকে আনোয়ার আইনজীবী ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন। 

অন্যদিকে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ১৪ দলের নেতৃবৃন্দ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোমা হামলার ঘটনায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেছেন জেলার বিভিন্ন্ স্তরের মানুষ। স্থানীয় আইনজীবী ইস্তেকবাল হোসেন এ প্রসঙ্গে বলেন, সারা দেশের বিচারালয়গুলো হামলাকারীদের টার্গেটে পরিণত হলেও স্থানীয় প্রশাসন নিরাপত্তার ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। পুরো এলাকাটি অরক্ষিত ছিল।

গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ বিডিনিউজকে বলেন, প্রশাসনের নির্লিপ্ততার কারণে এ ধরনের হামলার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, গেটে তল্লাশির ব্যবস্থা থাকায় হয়তো ঘাতকরা আদালতে ঢুকতে না পেরে আইনজীবী সমিতিতে গেছে। ওখানে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

জেলার সিনিয়র সহকারী জজ সাইফুজ্জামান হিরু এ প্রসঙ্গে বলেন, প্রশাসনের কাছে বার বার বলা সত্ত্বেও তারা নিরাপত্তা দিতে পারেনি। এজন্যে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, গাজীপুরে সাত জন মারা যাওয়ার পর এই ডিসি এসপি রেখে গাজীপুরবাসীকে নিরাপত্তা দেওয়া আর প্রহসন করা একই কথা।

এবিষয়ে পুলিশ সুপার আতিকুল ইসলাম বিডিনিউজকে বলেন, এটি শুধু গাজীপুরের সমস্যা নয়, গোটা দেশের সমস্যা।

আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বুধবার জয়দেবপুর থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে দু’টি মামলা দায়ের করে। এর মধ্যে বিস্ফোরক মামলায় দারোগা গাজী রুহুল ইমাম এবং হত্যা মামলায় দারোগা আল মামুন তদন্তের দায়িত্বভার পেয়েছেন। তবে মামলা দু’টি অচিরেই সিআইডিতে হস্তান্তর করা হবে।

এদিকে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মঙ্গলবার রাতে দু’জনকে  গ্রেপ্তার করেছে। এদের একজন সামসুজ্জামান (৩৫) শ্রীপুর চকপাড়া হাজী নজীবুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী সুপার। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি ইব্রাহিমের বাড়ি নেত্রকোনায়। সে কিছুদিন আগে দাখিল পাস করেছে। এর আগে ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ চকপাড়া থেকে রুকনুজ্জমান ও মামুনকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারকৃত সামসুজ্জামান মামুনের চাচা।  

এদিকে আত্মঘাতী বোমা হামলাকারীদের পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। বোমা হামলাকারী সন্দেহে পুলিশ ‘মসিউর রহমান মাহবুব’ নামে যাকে সনাক্ত করেছিল, তার নাম আসলে শামসুল ইসলাম। ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে তার আত্মীয়স্বজনরা লাশ সনাক্ত করে। বোমা হামলায় দুই পা উড়ে যাওয়া হালিমার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। হাসিপাতালে ভর্তি রেজিস্ট্রারে ঠিকান সারিয়ালী বলে উল্লেখ করলেও পুলিশ তন্ন তন্ন করেও ঠিকানার অস্তিত্ব পায়নি। পুলিশের ধারণা, হালিমাই আত্মঘাতী হামলাকারী।