‘দারিদ্র্য নিরসনে চাই নিবিড় তত্ত্বাবধান, সুশীল সমাজের সস্পৃক্ততা’
দারিদ্র্য নিরসনে যে কোন কর্মসূচি সফল করার জন্য নিবিড় তত্ত্বাবধান ও সুশীল সমাজের সস্পৃক্ততা একান্ত প্রয়োজন।
বুধবার ব্র্যাক অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইউনিট আয়োজিত দরিদ্র্য ও সুশীল সমাজের অংশগ্রহণ বিষয়ক জাতীয় কর্মশালায় বক্তারা এ কথা বলেন ।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের কর্মসুচি সমন্বয়কারী রাবেয়া ইয়াসমীন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন নীফামারীর এমপি আসাদুজ্জামান নূর, কুড়িগ্রামের এমপি তাজুল ইসলাম, নীলফামারীর ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান, সোশ্যাল ডেভেলপমেস্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ উদ্দিন খান, প্ল্যানিং কমিশনের সদস্য মেজবাহ উদ্দিন খান, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার আলী ইমাম, গণ স্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রশেদা বেগম, বার্ডের পরিচালক মীর কাশেম প্রমূখ।
মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি, বেসরকারি সংস্থাসহ সমাজের সচেতন ব্যক্তিরা যদি সঠিক ভাবে অতি দরিদ্র জনগোষ্ঠি চিহ্নিত করে এবং তাদের জন্য নির্দিষ্ট প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসে, তাহলেই সম্ভব অতি দরিদ্রতা রোধ করা।
আসাদুজ্জামান নূর বলেন, দরিদ্র জন সাধারণের মঙ্গা সংকট দূর করতে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা এবং কাবিখা পদ্ধতি বাদ দেওয়া উচিত।
রাশেদা বেগম বলেন, দারিদ্র্য বিমোচন রাষ্ট্রের দায়িত্ব । অন্যান্য সংস্থা সহায়ক হিসেবে কাজ করতে পারে।
