২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তি কার্যকর করতে আরও সময় পেল স্বল্পোন্নত দেশগুলো

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তির আওতায় ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট ও অন্যান্য মেধাস্বত্ত্ব রক্ষায় গৃহীত শর্তাবলী কার্যকর করতে স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) বেধে দেওয়া সময়সীমা বাড়িয়ে ২০১৩ সালের ১ জুলাই পর্যন্ত করা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা ট্রিপস চুক্তির শর্তাবলী পূরণ করতে স্বল্পোন্নত দেশগুলোকে আরও সময় দেওয়ার সিদ্ধান্তটি বিশ্ব বাণিজ্য সংস্থার কাউন্সিলে মঙ্গলবার গৃহীত হয়।

নতুন ঘোষিত সময়সীমা বৃদ্ধির ফলে স্বল্পোন্নত দেশগুলো চুক্তির শর্তাবলী পূরণ করতে অতিরিক্ত সাড়ে সাত বছর সময় পেল।

এর আগের সময়সীমা ছিল ২০০৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত। অবশ্য ১১ বছর আগে ট্রিপস চুক্তি হয়।

চুক্তির শর্তাবলী কার্যকর করতে স্বল্পোন্নত দেশগুলোকে কারিগরি সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন ঘোষিত সময়সীমায় ফার্মাসিউটিক্যালস পণ্যের ক্ষেত্রে মেধাসত্ত্ব রক্ষার সময়সীমা প্রভাবিত হবে না। স্বল্পোন্নত দেশগুলোকে ২০১৬ সাল পর্যন্ত মেধাসত্ত্ব রক্ষা করতে হবে না।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসকাল ল্যামির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, এটা একটা সুখবর যে, সিদ্ধান্তটি হংকং সম্মেলনের আগেই আসছে।

তিনি বলেন, উন্নয়নমূলক চাহিদাগুলো মেটানোর মাধ্যমে ডব্লিউটিও’র শর্তাবলী পূরণ করতে বিশ্বের গরীব দেশগুলোকে ছাড় দেওয়ার ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলো যে প্রতিশ্র“তিবদ্ধ, তারা তা প্রমাণ করেছে। হংকংয়ের সম্মেলনে প্রাধান্য বিস্তারকারী উন্নয়ন ইস্যুর ব্যাপারে লক্ষ্য অর্জিত হতে পারে বলেও মনে করা হচ্ছে।

হংকংয়ের ডিসেম্বর মাসের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে এ সিদ্ধান্ত নেয়া হল।

সিদ্ধান্ত মোতাবেক, স্বল্পোন্নত দেশগুলোর অবস্থার উন্নতি না ঘটলে তাদেরকে ট্রিপস চুক্তির আওতাধীন মেধাসত্ত্ব ২০১৩ সালের ১ জানুয়ারির আগে রক্ষা করতে বাধ্য করা হবে না।

তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, কোন দেশ (স্বল্পোন্নত) যদি স্বেচ্ছায় মেধাসত্ত্ব রক্ষা করে চলে, তাহলে সংশ্লিষ্ট দেশকে অবশ্যই অ-বৈষম্য সংক্রান্ত ট্রিপসভূক্ত বিষয়গুলো মেনে চলতে হবে।

স্বল্পোন্নত ৫০টি দেশের মধ্যে ৩২টি দেশ এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য।

স্বল্পোন্নত দেশগুলো যাতে ট্রিপস চুক্তি বাস্তবায়ন করতে পারে সে জন্য তাদেরকে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের ব্যাপারে উন্নত দেশগুলোর প্রতিশ্র“তির বিষয়টি সিদ্ধান্ত গ্রহণকালে পুনর্ব্যক্ত করা হয়েছে।

সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তটি ডব্লিউটিও’র সকল সদস্য দেশ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।