২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম দাস হত্যাকাণ্ড: ২ পলাতক আসামির মালামাল ক্রোক, সিদ্দিক মিয়া কোনও তথ্য দেয়নি

দৈনিক সমকাল’র ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার পলাতক দুই আসামি কাজী মুরাদ ও ইমরানের বাড়ির মালামাল আদালতের আদেশে মঙ্গলবার পুলিশ ক্রোক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এদিকে মো. সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মিয়া দু’দফা রিমান্ডে গৌতম দাস হত্যাকাণ্ড বিষয়ে কোনও তথ্য দেয়নি বলে পুলিশ সূত্র জানিয়েছে। দু’দফা রিমান্ড শেষে সিদ্দিক মিয়াকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে ফরিদপুরের বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের পক্ষ থেকে মঙ্গলবার সাংবাদিকদের অব্যাহত হত্যার হুমকির প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুলিশ শহরের কমলাপুর এলাকার গৌতম দাস হত্যা মামলার পলাতক দুই আসামি কাজী মুরাদ ও ইমরানের বাড়ির আসবাবপত্র ও অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে।

ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জসিমউদ্দিন খানের আদালত থেকে সোমবার জারি করা পরোয়ানা বলে পুলিশ মালামাল ক্রোক করে। ক্রোক অভিযানে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী, মামলার আইও এসআই গোলাম নবী, এসআই আমিনুর, আলিম মোল্লাসহ ৫৩ জন পুলিশ অংশগ্রহণ করেন।

গৌতম দাসের হত্যাকারীরা ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের অব্যাহত হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করেন, এ বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা নেয়া না হলে ফরিদপুরে আরও সাংবাদিক হত্যার শিকার হতে পারে।