ডিসেম্বরের মধ্যে ভোলা সেটেলমেন্ট অফিস উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জেএমবি
ভোলা সেটেলমেন্ট অফিস আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে জেএমবি ক্যাডাররা। মঙ্গলবার সকাল ১১ টায় ডাকযোগে এ হুমকি দিয়ে চিঠি দেয়া হয়।
ভোলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা অধীর চন্দ্র দাশ সাংবাদিকদের জানান, সকাল ১১ টায় সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আবুল কালাম ও অফিস সহকারী সহিদুল ইসলাম বরাবর এই চিঠি পাঠানো হয়। হাতে লেখা ওই চিঠিতে বলা হয়, আল্লাহর আইন বাস্তবায়ন করতে ৮ ডিসেম্বর তোদের অফিসে বোমা হামলা করা হবে। চিঠিতে প্রেরকের নাম ঠিকানা না থাকলেও নীচে জেএমবি ভোলা শাখা লেখা ছিল।
এ সংবাদ ছড়িয়ে পড়লে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতংক দেখা দেয় এবং সকল কর্মকান্ড বন্ধ হয়ে যায়। সেটেলমেন্ট অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
এর আগে ভোলা সদর উপজেলার ইউএনও এবং এসি ল্যান্ড অফিসেও বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল।
