ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে ডাকাতি, ২ জন গুলিবিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী রামপুর গ্রামে মঙ্গলবার ভোরে সাত বাড়িতে গণডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের গুলিতে দুইজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গ্রামের গাজিউর রহমানের বাড়িতে প্রথমে হানা দেয়। ডাকাতরা একে একে সাত বাড়িতে হানা দিয়ে কমপক্ষে আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়। গ্রামের লোকজন ডাকাতির খবর পেয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালালে ডাকাতরা দুটি বোমার বিস্ফোরণ ঘটায় ও দুই রাউন্ড ছোঁড়ে।
এ ঘটনায় সিদ্দিকা বেগম (৪০) ও গাজিউর রহমান (৬০) গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় গাজিউর রহমানকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
