বরিশালে বোমা হামলার প্রতিবাদে আওয়ামী আইনজীবীদের মিছিলে বিএনপির হামলা
গাজীপুর ও চট্টগ্রামের আদালতে বোমা হামলার প্রতিবাদে বরিশালে আওয়ামী আইনজীবীদের মিছিলে হামলা করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সামনে বোমা হামলায় আইনজীবী নিহত হওয়ার প্রতিবাদে মিছিল বের করলে বিএনপি সমর্থিত আইনজীবীরা প্রকাশ্যে কয়েকজন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীকে মারধোর করে।
এ ঘটনায় আহত জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দিন খান বাবুলকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বোমা হামলার প্রতিবাদে বরিশাল বারের আওয়ামী আইনজীবী সমিতির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হলে বিএনপি আইনজীবী ফোরামের সদস্যরা মিছিলে বাধা দেয়।
এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে ফোরামের সভাপতি ও সাবেক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাখওয়াত হোসেন জুম্মানের নেতৃত্বে তার সহকারিরা মিছিলে হামলা চালায়।
এসময় তারা অ্যাডভোকেট নাছির উদ্দিন খান বাবুলকে মারধোর করে। একই সাথে ফোরামের অপর সদস্যরা জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক একেএম জাহাঙ্গীর, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মজিবর রহমান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের মুনসুর আহম্মেদকে লাঞ্ছিত করে।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিচ উদ্দিন শহীদ বিডিনিউজকে জানান, সরকার বিরোধী মিছিল হওয়ায় এ ঘটনা ঘটেছে।
অপরদিকে বিএনপি আইনজীবী ফোরামের সভাপতি শাখাওয়াত হোসেন জুম্মান জানান, বোমা হামলার প্রতিবাদে নয় তারা নৈরাজ্য সৃষ্টির জন্যই এককভাবে মিছিল বের করেছিল। তাই আমরা মিছিলটি প্রতিহত করেছি।
