জঙ্গিবাদ ইস্যুতে দল বিরোধী বক্তব্যের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি
জঙ্গিবাদ ইস্যুতে দলের অভ্যন্তরের কোনও নেতা-কর্মী সরকার বিরোধী বক্তব্য দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ।
সম্প্রতি দেয়া জঙ্গিবাদ ইস্যুতে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্যের উল্লেখ করে তারা বলেন, এ ধরণের বক্তব্য জোটের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে পারে।
দলের শীর্ষ নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়ে বলেন, তা না হলে দলের চেইন অব কমান্ড ভেঙ্গে যাবে।
প্রধানমন্ত্রী তাদেরকে বলেন, জঙ্গিবাদ ইস্যুতে দলের হাই কমান্ড ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না। একটি নির্ভরযোগ্য সূত্র এ কথা জানায়।
সোমবার সন্ধ্য্যায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভঁইয়া এবং স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
দলীয় চেইন অব কমান্ড ভঙ্গ করে জঙ্গিবাদ ইস্যুতে দলের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, সে যেই হোক না কেন, দল বিরোধী কোনও বক্তব্য সহ্য করা হবে না।
তারা আগামী সংসদে জঙ্গিবাদ; বিরোধী কঠোর আইন প্রনয়ণেরও সিদ্ধান্ত নেন।
এ সময়ে প্রধানমন্ত্রী দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকলে তা নিরসনের জন্য তাদরকে নির্দেশ দেন।
এদিকে জঙ্গিবাদ ইস্যুতে সরকারের অবস্থান জনগণকে জানানোর জন্যে আগামী বছরের প্রথম দিকে সারা দেশে বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের সিদ্ধান্ত নেয় হয়।
বিএনপি যে জঙ্গিবাদ সমর্থন করে না এবং প্রশয় দেয় না সমাবেশগুলোতে প্রধানমন্ত্রী নিজেই জনগণের কাছে এই বক্তব্য তুলে ধরবেন।
দলের ভেতরে একের পর বিদ্রোহ ও বিভিন্ন পর্যায়ের নেতাদের এ ধরনের বক্তব্যের কারণে অস্বস্তিকর অবস্থায় পড়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে।
দলের কতিপয় নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীন দল এবং এর শরিকদের একাংশের কাছ থেকে জঙ্গিবাদীরা সহযোগিতা পাচ্ছে।
এ ইস্যুতে দলের অভ্যন্তরে নেতাকর্মীদের মধ্যে অবিশ্বাস ও মতানৈক্যের সৃষ্টি হয়েছে। দল রক্ষা নাকি জোট রক্ষা করবে, এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ভাবনায় পড়েছে।
জঙ্গিবাদের উত্থানের জন্যে এক মন্ত্রীসহ কয়েকজন নেতাকে দায়ী করায় বিএনপি তার সংসদ সদস্য আবু হেনাকে বহিষ্কার করেছে।
এদিকে আবু হেনার বহিস্কারের পরপরই বিএনপি’র আরো দুই নীতি--নির্ধারক স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অব.) অলি আহমদ এবং যুগ্মমহাসচিব ও হুইপ আশরাফ হোসেনও প্রায় অভিন্ন বক্তব্য দেন। তারাও বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে খোলামেলা কথা বলেন। একই সাথে তারা জামায়াতের সাথে জোটে থাকা বা না থাকার বিষয়টিও ভাবার জন্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।
এর আগে সদ্যসমাপ্ত সংসদ অধিবেশনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য কেএম ওবায়দুর রহমানও দেশের আইন--শৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কথা বলেন। তিনি বিরাজমান পরিস্থিতিকে ’৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগের পরিস্থিতির সাথে তুলনা করেন।
