সুপ্রিম কোর্টের বিচারকদের হত্যার হুমকি দিয়ে জেএমবি’র চিঠি খতিয়ে দেখছে পুলিশ
সুপ্রিম কোর্টের বিচারকদের হত্যার হুমকি দিয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যে চিঠি দিয়েছে সোমবার পুলিশ তা খতিয়ে দেখতে শুরু করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমকে জেএমবি হত্যার হুমকি দেওয়ার পর সমিতির পক্ষ থেকে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
প্রসঙ্গত, রোববার (২৭ নভেম্বর) জেএমবির যুগ্মসচিব পরিচয় দিয়ে মাওলানা আলী আজম নামে এক ব্যক্তি অ্যাডভোকেট মাহবুবে আলমের কাছে একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়, নিু আদালতের বিচারকরা ঘুষ খেয়ে রায় দেয়। আর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকরা ওই রায় বহাল রেখে অন্যায় করে। এজন্যে তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই।
এদিকে এসসিবিএ’র সুপারিনটেডেন্ট নিমেশ চন্দ্র দাসও সোমবার রমনা থানায় একটি জিডি করেছেন। এসময় তিনি জেএমবির হুমকি সম্বলিত চিঠিটি খামসহ পুলিশের কাছে জমা দেন।
একজন ডিবি পুলিশসহ দু’জন পুলিশ সদস্য সোমবার এসসিবিএ কার্যালয়ে গিয়ে জেএমবি’র হুমকি সম্পর্কে এসসিবিএ’র সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিমের বক্তব্য লিপিবদ্ধ করেন।
এর আগে এসসিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকার বাইরে থাকায় পুলিশ তাদের বক্তব্য নিতে পারেনি। পুলিশ এসসিবিএ’র সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্রের সঙ্গেও কথা বলে। এসময় পুলিশ তাকে জানায় যে তারা এ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। এসসিবিএর অন্য নেতাদের সঙ্গেও শিগগিরই তারা কথা বলবে বলে পুলিশ জানায়।
