২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে যৌতুক না পেয়ে নির্যাতন করে স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাবিবুর রহমান সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত কর্ণধর বর্মনের (৩০) বাড়ি জেলার আটোয়ারী উপজেলার মোলানী গ্রামে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কর্ণধরের পিতা প্রেমহরি বর্মনকে আদালত বেকসুর খালাস প্রদান করে।

মামলার বিবরণে জানা যায়, জেলার আটোয়ারী উপজেলার রসেয়া জামুরীপাড়া গ্রামের ছুর মোহন বর্মনের কন্যা বিশবালার সঙ্গে প্রেমহরি বর্মনের পুত্র কর্ণধরের বিয়ে হয়। বিয়ের সময় প্রথামত বরপক্ষকে যৌতুক ও দান-দক্ষিণা দেওয়া হয়। এরপরও কর্ণধর ও তার পিতা আরও যৌতুকের জন্য বিশবালার ওপর চাপ প্রয়োগসহ নানা নির্যাতন চালায়।

গত ২০০৩ সালের ২৪ জুন কর্ণধর ও তার পিতা বিশবালাকে তার বাবার বাড়ি থেকে আরও যৌতুক আনতে বলে। যৌতুকের টাকা আনতে বাবার বাড়ি যেতে অস্বীকার করায় কর্ণধর স্ত্রী বিশবালাকে বেধড়ক মারপিট করে এবং তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরদিন তাকে আবারও মারপিট করা হয়। এতে বিশবালার অবস্থা সঙ্গীন হয়ে পড়লে কর্ণধর ও তার পিতা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চালায়।

এ ঘটনায় বিশবালার পিতা ছুর মোহন বর্মন বাদি হয়ে একই বছরের ২৬ জুন জামাই কর্ণধর ও তার পিতা প্রেমহরি বর্মনকে আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মামলার চার্জশিট দিলে আদালত ১২ সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় প্রদান করে। বাদি পক্ষে অ্যাড. মো. আজাহারুল ইসলাম (এপিপি) ও আসামি পক্ষে অ্যাড. মো. আনিছুর রহমান মামলা পরিচালনা করেন।