রাজধানীতে বাস চাপায় ট্রাফিক সার্জেন্ট নিহত
রাজধানীর উত্তরায় আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জমির আলী মার্কেটের সামনে সোমবার সকাল সাড়ে ৮ টায় বাস চাপায় ঢাকা মহানগর উত্তরের (হলুদ) একজন ট্রাফিক সার্র্জেন্ট নিহত হয়েছে।
নিহত সার্জেন্টের নাম সাজ্জাদুর রহমান (৩১)।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানায়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো --ব -- ১৪ -- ০২৭৫) নেত্রকোনা যাচ্ছিল। বাসটি আজমপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার পর মহাসড়কে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে বাস চালক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সার্জেন্টের করুণ মৃত্যু হয়।
দুর্ঘটনার পর জয়দেবপুর থানা পুলিশ বোর্ডবাজার এলাকা থেকে ঘাতক বাস চালক আলাউদ্দিনসহ (৩২) বাসটিকে আটক করে। পরে তাকে উত্তরা থানায় সোপর্দ করা হয়।
উত্তরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত সার্জেন্টের গ্রামের বাড়ি সয়াতলা, নড়াইলে। তার ঢাকার বাসা ছিলো মিরপুর -- ২ নম্বর সেকশনের পপুলার হাউজিং-- এর বড়বাগে। ১৯৯৯ সালে সে চাকরিতে যোগ দেয়।
