চাপাই-নবাবগঞ্জ ও বগুড়ায় বিপুল পরিমান ফেন্সিডিল আটক, ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার ৮০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়েছে।
শনিবার গভীর রাতে চাপাই নবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে এক হাজার ৬৫০ বোতল ও রোববার বেলা ১১টায় বগুড়ার পুরাতন বগুড়া এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
বিডিনিউজের চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিডিআর জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকার একটি বিওপির কাছে থেকে শনিবার গভীর রাতে সাড়ে ১৬’শ বোতল ফেন্সিডিল আটক করে।
৬ রাইফেল ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সারওয়ার জানান, বিডিআরের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ভারত ভুখন্ডে পালিয়ে যায়।
এদিকে বিডিনিউজের বগুড়া প্রতিনিধি জানান, রোববার বগুড়ার ডিবি পুলিশ ১৫০ বোতল ফেনসিডিলসহ মুন্নী বেগম (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। শহরের পুরাতন বগুড়ার আজিমুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মুন্নীকে আটক করা হয়।
মুন্নী বেগম ওই এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
