একমুখী শিক্ষা চালু হলে দেশের শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়বে: সংবাদ সম্মেলনে বক্তারা
জোর করে মাধ্যমিক স্তরে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করলে ছয় মাসের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়বে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার সকাল ১১ টায় ‘প্রস্তাবিত একমুখী শিক্ষা প্রতিরোধ জাতীয় কমিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় শিক্ষক প্রতিনিধিরা এ অভিমত প্রকাশ করেন।
বক্তারা বলেন, একমুখী শিক্ষাব্যবস্থা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ ব্যবস্থা চালু করলে শিক্ষার্থীরা একটি মূল্যবান বছর হারাবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থা সংস্কারের নামে শিক্ষামন্ত্রণালয় কলমের এক খোঁচায় মাধ্যমিক শিক্ষার সবচেয়ে বড় পরিবর্তনটি বাস্তবায়ন করতে উদ্যত হয়েছে। কিন্তু এত বড় পরিবর্তন আনার আগে তারা দেশের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী বা শিক্ষার সাথে সংশ্লিষ্ট কারও সাথে যোগাযোগ করেননি। তাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের নতুন প্রজন্ম সবচেয়ে বড় সর্বনাশের মুখোমুখি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফির সিদ্দিক বলেন, মাদ্রাসা শিক্ষা উন্নত করার বদলে তারা সার্বিক শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, খান মোশারফ হোসেন, ড. ম আখতারুজ্জামান ও অধ্যাপক কাজী ফারুখ আহমেদ।
