২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ রহমান ও বাংলা ভাই গ্রেপ্তার হলে প্রতিশোধে দেশব্যাপী নাশকতার আশঙ্কা করছে সরকার

নিষিদ্ধঘোষিত ইসলামী জেহাদী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমান এবং অপর সংগঠন জাগ্রত মুসলিম জনতা’র (জেএমজেবি) নেতা বাংলা ভাই গ্রেপ্তার হলে প্রতিশোধ হিসেবে ওই সংগঠনের দেশব্যাপী ছড়িয়ে থাকা ‘সুইসাইড স্কোয়াড’--এর সদস্যরা ভয়ানক নাশকতামূলক কাজ করতে পারে। এমন আশঙ্কা করছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ফলে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি এবং পাহারা জোরদার করা হয়েছে। একটি গোয়েন্দা সূত্র শনিবার এ তথ্য জানায়।

সূত্র জানায়, ওই দুই শীর্ষ জঙ্গী নেতার গড়া ‘কাতেল গ্র“প’ বা ‘সুইসাইড স্কোয়াড’ এর ছড়িয়ে থাকা কয়েক সহস্র সদস্য এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ফলে ভয়ঙ্কর ওই সদস্যরা তাদের দুই ‘গুরু’ ধরা পড়লে প্রতিশোধ হিসেবে যেকোনো ধরনের বড় নাশকতা ঘটাতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে অপর গোয়েন্দা সূত্র জানায়, দেশব্যাপী র‌্যাব এর ‘ক্রসফায়ারে’ যারা নিহত হয়েছে, তাদের অনেকেরই পরিবারের সাথে গোপনে যোগাযোগ করেছে জেএমবি’র রিক্রুটিং শাখার সদস্যরা। ‘ক্রসফায়ার’ এর প্রতিশোধ নিতে ওই পরিবারগুলোর সদস্যদের জেএমবি’র সুইসাইড স্কোয়াডে যোগ দিতেও উদ্বুদ্ধ করেছে জেএমবি’র শীর্ষ নেতারা।

এদিকে জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান এবং জেএমজেবি’র নেতা বাংলা ভাইকে গ্রেপ্তার ‘সময়ের ব্যাপার’ এমন কথা আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন সময় বললেও গ্রেপ্তার অভিযান বারবার মুখ থুবড়ে পড়ছে।

শীর্ষ ওই দুই জঙ্গি নেতা আইনপ্রয়োগকারী সংস্থার অভিযানের আগেইভাগেই অভিযানের খবর জানতে পেরে গোয়েন্দাদের বিছানো জাল নির্বিঘেœ টপকে তাদের আস্তানা থেকে সটকে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এমনি এক অভিযান ১৯ নভেম্বর রাজধানীর বনশ্রী এলাকায় পরিচালিত হলেও শায়খ আবদুর রহমান নিরাপদেই তার আখড়া ছেড়ে সপরিবারে পালিয়ে যেতে সক্ষম হয়। শায়খ আব্দুর রহমান, তার স্ত্রী, একমাত্র পুত্র ফুয়াদ ওরফে নবী এবং কন্যা শামসুন্নাহার ওরফে আসিফা ওই বাসায় এক মাসেরও বেশি সময় ধরে থাকলেও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘুণাক্ষরেও তা টের পাননি। তিন হাজার পাঁচশ’ টাকায় ওই ঘর ভাড়া নিয়েছিলেন জেএমবি’র প্রধান ধর্মীয় নেতা রহমান।

ব্যর্থ ওই অভিযানের পর থেকে কয়েকদিন রাজধানীর বাসাবো, গুলশান, বনানী, খিলগাঁও, উত্তরা, সাভার, গাজীপুর ও ধামরাইসহ দেশের কয়েকটি জেলায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতাকে ধরতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ও র‌্যাবের বিভিন্ন দল। শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইসব অভিযান পরিচালিত হলেও মূল লক্ষ্য অর্জন করা যায়নি।

ইতোমধ্যে শায়খ রহমানের বনশ্রীর আখড়া থেকে উদ্ধারকৃত কম্পিউটার হার্ডডিস্ক এবং সিডিগুলোর পাসওয়ার্ড উন্মোচন করে নিষিদ্ধ জেএমবি’র ভয়ঙ্কর নীলনকশা জানতে পেরেছে র‌্যাব--এর সদস্যরা।

ইসলামের জেহাদের নেশায় উন্মাত্ত জেএমবি তাদের ‘খতম অভিযানে’ দ্বিতীয় টার্গেট হিসেবে হিসেবে বেছে নিয়েছে র‌্যাব  সদস্যদের। বনশ্রীর আখড়া থেকে উদ্ধারকৃত সিডিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেএমবি সারা দেশে র‌্যাব--এর মোট জনবল এবং সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। এছাড়া র‌্যাব--এর অফিস ও অন্যান্য স্থাপনা সম্পর্কেও তারা ম্যাপ সংগ্রহ করেছে। ওই বাড়িটি ছিলো জেএমবি’র মজলিশ--এ--শূরার সদস্যদের নিরাপদ আখড়াগুলোর একটি। ওই অভিযানকালে র‌্যাব সদস্যরা নথিপত্রও উদ্ধার করে।

এদিকে ঠাকুরগাঁয় আটক শায়খ রহমানের জামাতা আবদুল আউয়ালের রংপুরের ভাড়া বাসা থেকে উদ্ধার করা বোমা তৈরির সরঞ্জাম, সিডি এবং চিঠিপত্র পরীক্ষা করে দেখছেন মামলার তদন্ত কর্মকর্তা এবং ঢাকা থেকে যাওয়া গোয়েন্দা কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, আগামী দু’এক দিনের মধ্যে জেহাদী নেতা আবদুল আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্যে রংপুর নিয়ে যাওয়া হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ সাংবাদিকদের জানান, আউয়াল ঠাকুরগাঁয় গ্রেপ্তার হওয়ার আগে এই বাসাতেই অবস্থান করে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিলো।

তিনি আরও জানান, উদ্ধারকৃত দলিলপত্র এবং কাগজসমূহ পরীক্ষা করে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বজলুর রশিদ জানান, রংপুর জেলা পুলিশের পাঁচটি দল রাজশাহী জেলার বাগমারাসহ দেশের বিভিন্ন স্থানে তদন্তকাজ পরিচালনার জন্যে অবস্থান করছে। সেসব দল ফিরে এলে আরও অনেক রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএমবি’র ‘সুইসাইড' স্কোয়াড’ তাদের প্রথম অভিযান হিসেবে ১৫ নভেম্বর ঝালকাঠি জেলায় সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নামে দুই বিচারককে বোমা মেরে হত্যা করে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনও সুইসাইড স্কোয়াডের হাতে নিহত হলেন দুই বিচারক।

বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, জেলায় বোমা হামলায় দুই বিচারক হত্যা মামলায় পুলিশ শনিবার হাসিনা বেগম (৫৫) নামে এক মহিলাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্যে দু’দিনের রিমান্ডে নিয়েছে। হাসিনার বাসা ভাড়া করেই জেএমবি’র সুইসাইড স্কোয়াড--এর সদস্য মামুন থাকতো।

১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওই হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের প্রায় দু’হাজার সদস্য সক্রিয় রয়েছে।