ফেনীতে মোতাইয়ার দিঘি থেকে লক্ষাধিক টাকার মাছ হরিলুট
র্যাবের ক্রসফায়ারে স্থানীয় ইউপি সদস্য ও ডাকাত সর্দার আবদুল মোতালিব ওরফে মোতাইয়ার মৃত্যুর পর তার লিজ নেওয়া দিঘিতে বিষ ঢেলে প্রায় লক্ষাধিক টাকার মাছ হরিলুট করে নিয়েছে এলাকাবাসী।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারের অদূরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ১২ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত দওসার দিঘিটি লিজ নিয়ে মাছ চাষ করত মোতাইয়া।
বৃহস্পতিবার রাতে মোতাইয়া মারা যাওয়ার পর শুক্রবার রাতে কে বা কারা তার লিজ নেওয়া দিঘিতে বিষ ঢেলে দেয়। পরে শনিবার সকালে মাছগুলো ভেসে উঠলে এলাকাবাসী সেগুলো হরিলুট করে।
এতদিন মোতাইয়ার দাপটে তার বিরুদ্ধে কেউ কোনও কথা বলার সাহস পায়নি। তার মৃত্যুর পর একটি মহল দিঘিটি দখলের পায়তারা করছে বলে এলাকাবাসী জানায়।
