পূর্ত প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় নওগাঁয় জনকণ্ঠে অগ্নিসংযোগ
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় শনিবার নওগাঁর আত্রাই উপজেলায় জনকন্ঠ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ সমর্থকরা।
প্রতিমন্ত্রীর সমর্থকরা জনকন্ঠের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। সমাবেশে প্রতিমন্ত্রীকে জড়িয়ে জনকণ্ঠে ধারাবাহিকভাবে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্যেশ্যমূলক বলে দাবি করা হয়।
সমাবেশে তছলিম উদ্দিন, আবদুল মান্নান, ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, মঞ্জুর ইসলাম, ডা. এনায়েত প্রমুখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর রহমান রজার মোল্লা।
পরে সমর্থকরা উপজেলার স্টেশন রোড ও কলেজ মাঠে জনকন্ঠের শনিবারের কপিসহ গত কয়েক দিনের বেশ কিছু কপিতে অগ্নিসংযোগ করে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আত্রাই উপজেলার স্থানীয় সাংসদ। দৈনিক জনকন্ঠ ২১ নভেম্বর থেকে আলমগীর কবিরের দুর্নীতি, অনিয়ম ও জঙ্গি সংশ্লিষ্টতা সম্পর্কিত ধারাবাহিক রিপোর্ট করে যাচ্ছে।
