নাটোর, পাবনা ও বরগুনায় চার জেএমবি ক্যাডার গ্রেফতার
আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা বৃহস্পতিবার ও বুধবার রাতে নাটোর, পাবনা ও বরগুনা জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তিন জেএমবি ক্যাডারকে নাটোর ও পাবনা থেকে গ্রেফতার করে। এছাড়া বরগুনা থেকে পুলিশ এক জেএমবি ক্যাডারকে গ্রেফতার করেছে। র্যাব এসময় তাদের কাজ থেকে অস্ত্রসহ বিপুল পরিমানের বিস্ফোরক দ্রব্য আটক করে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানায়, রাজশাহী জেলার লালপুর উপজেলার সৈয়দ আলীর পুত্র জেএমবি নেতা জাহাঙ্গীর আলম এবং নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার তেঁতুল গ্রামের জসিমউদ্দিনের পুত্র আব্দুর রহমানকে র্যাব গ্রেফতার করে।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে ডিঙ্গাডোবা এবং ছোট বনগ্রাম এলাকা থেকে দুইজনকে বিপুল পরিমান গানপাউডার ও অন্যান্য বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।
এদিকে র্যাব বৃহস্পতিবার ভোরে পাবনার চাটমোহর উপজেলার ইদুলপুর বাজারের কালিমন্দির এলাকা থেকে মোহাম্মদ হানিফ নামে এক জেএমবি ক্যাডারকে অস্ত্রসহ গ্রেফতার করছে। সে আটঘরিয়া উপজেলার নগর চাকিয়া গ্রামের নওয়াজেশ আলী খানের ছেলে।
এদিকে বরগুনা সদর পুলিশ বুধবার জেএমবির সাথে জড়িত সন্দেহে শহরের ঈদগাঁও এলাকা থেকে বিসমিল্লাহ হোটেলের মালিক আলী শিকদার (৪০) কে গ্রেফতার করেছে।
