পঞ্চগড়ে শীত পড়তে শুরু করেছে
চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের হিমালয় ছোঁয়া জেলা পঞ্চগড়ে শীত পড়তে শুরু করেছে। বাংলার ষড়ঋতুতে পৌষ-মাঘ এ দুই মাস শীতকাল হলেও অগ্রাহায়ণের শুরুতেই এ এলাকায় শীত জেঁকে বসেছে। শীতের মাত্রা শহরের চেয়ে গ্রামে বেশি অনুভূত হচ্ছে। এখানে মধ্যরাতের পরই কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় গোটা এলাকা।
গত কয়েকদিনে পঞ্চগড়ে সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিন যতই গড়াচ্ছে শীতের মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। জেলার সাধারণ লোকজন শীতের কাপড় বের করেছে।
শহরের লেপ--তোষক ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে গেছে এবং সোয়েটারসহ পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় দেখা যাচ্ছে।
আবহমানকাল থেকে শীতকালে পিঠা তৈরি এদেশের নারীদের ঐতিহ্যগত বৈশিষ্ট্য।
চলতি শীত মৌসুমের শুরুতে এ জেলার গ্রামের কিছু কিছু এলাকায় আমন ধান কাটা শুরু হওয়ায় গ্রামের বধূদের নতুন পিঠা তৈরি করার ধুম পড়ে গেছে।
এদিকে ঋতু পরিবর্তনের প্রভাবে এখানে সর্দিজ্বর, নিউমোনিয়া, এজমা রোগ-বালাই বৃদ্ধি পাচ্ছে।
