১৭ আগস্ট বোমা হামলা: ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারকৃত ৩ জঙ্গির স্বীকারোক্তি
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ’র (জেএমবি) তিন সদস্য ১৭ আগস্ট আদালত চত্বরে বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জেলার রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের গ্রেপ্তারকৃত জেহাদী প্রশিক্ষক আবদুল লতিফ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট- এর আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
লতিফ জানায়, গত ১৭ আগস্ট সেসহ জেএমবি’র আরও ছয় সদস্য জজকোর্ট চত্বর ও ম্যাজিস্ট্রেট কোর্টে বোমা পেতে রাখে।
সে আরও জানায়, জজ কোর্টের মূল গেটে সে নিজে বোমা পেতে রাখে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বারান্দায় বোমা রাখে আবদুর রাজ্জাক ও অপর এক জেহাদী।
অপরদিকে সদর উপজেলার মোলানী গ্রামের গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক (২৩) ও হরিপুর উপজেলার লখরা গ্রামের বাসিন্দা রফিকুলকে গত বুধবার সারারাত ঠাকুরগাঁও থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত অপর দুই জেহাদী - রফিকুল ও রাজ্জাককে - জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন মোস্তফা তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের রিমান্ডের আবেদন মঞ্জুর করে।
গ্রেপ্তারকৃত রফিকুল জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে রাণীশংকৈল আল ফুরকান ইসলামিক সেন্টার মাদ্রাসার সহকারি শিক্ষক এবং কাঠালতলী মসজিদের ইমাম। সে আরও জানায়, সেসহ ওই মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হক জেএমবি’র সদস্য।
মোজাম্মেল ও অন্যান্য সদস্যরা নিয়মিত চাঁদা দিত। আর তা নিয়ে যেতো গ্রেপ্তারকৃত আবদুল লতিফ। এ সমস্ত চাঁদার টাকা “এহসান” তথা যারা সাংগঠনিক কাজে পরিবার পরিজন রেখে অন্যত্র জেএমবি’র কাজ করতো তাদের পেছনে ব্যয় করা হতো।
