২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মায়ানমার গেরিলাদের ৩টি ক্যাম্প ধ্বংস, অস্ত্র উদ্ধার

সেনা সদস্যরা বান্দরবান সীমান্ত এলাকায় মায়ানমার গেরিলাদের কমপক্ষে তিনটি ক্যাম্প ধ্বংস করেছে। এসময় তারা সাতটি রাইফেল, বিভিন্ন যন্ত্রাংশ ও কাগজপত্র উদ্ধার করে।  

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সেনা সূত্র জানায়, সেনা সদস্যরা সারারাত অভিযান চালায় এবং মাঝরাতে ক্যাম্পগুলো ধ্বংস করে।

বান্দরবান সেনা রিজিওনের মুখপাত্র জানান, ৭ নভেম্বর থেকে শুরু হওয়া ২০ দিনের সেনা অভিযানের ১৮তম দিনে বৃহস্পতিবার ভোরে বান্দরবান জেলা সদর থেকে ১৮৩ কিলোমিটার দুরে মদক মুরংটং এলাকার সাংগু রিজার্ভ ফরেস্ট পয়েন্টে এসব অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করা হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে সেনা সূত্র দাবি করেছে।

সেনা মুখাত্র জানান, বান্দরবান, রুমা ও আলীকদম সেনানিবাসের নয়শ’ সেনা সদস্য এ অভিযানে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিলো।

সূত্র আরও জানায়, সেনাসদস্যরা তিনটি ভাগে বিভক্ত হয়ে একযোগে কম্বিং অপারেশন শুরু করে।

ধ্বংস করা এসব আস্তানা কোন সন্ত্রাসী গ্র“পের, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। তবে মায়ানমারের বিদ্রোহী গ্র“প ডেমোক্র্যাটিক পার্টি অব আরাকান (ডিপিএ), আরাকান আর্মি (এএ) এবং আরাকান লিবারেশন পার্টি (এএলপি) এসব এলাকায় তৎপর ছিলো বলে স্থানীয় সূত্রগুলো দাবি করে।

স্থানীয়দের অভিযোগ, গভীর অরণ্যবেষ্টিত এ অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্র“প তাঁবু খাটিয়ে, অ্যান্টেনা লাগিয়ে ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্রায়ই এসব অঞ্চলে অস্থায়ী ঘাঁটি তৈরি করত। তারা জোর করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে গরু, ছাগল, মোরগ, চাল, ডাল ছিনিয়ে নিয়ে যেতো।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিপুল পরিমাণ সেনা সদস্যের অংশগ্রহণে এ কম্বিং অপারেশনের পর বাংলাদেশ ভূ--খণ্ডে আর কোনও সন্ত্রাসী গ্র“পের আস্তানা থাকার সম্ভাবনা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি এলাকায় বাংলাদেশ রাইফেলস সদস্যদের লাগাতার অভিযানের মুখে মায়ানমারের সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে গত দু’মাস ধরে আলীকদম এবং থানচি এলাকার সীমান্তের জিরো লাইনে আশ্রয় নিয়েছে।

বিডিআর ও সেনাসূত্রগুলো বাংলাদেশ ভূ--খণ্ডে বিদেশি সন্ত্রাসী গ্র“পের স্থায়ী তৎপরতার কথা অস্বীকার করে বলেছে, বান্দরবান জেলার সাথে মায়ানমারের ২৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ২৫১ কিলোমিটার অংশই এখন অরক্ষিত রয়েছে। উঁচু পাহার ও গভীর অরণ্যের কারণে নিরাপত্তাবাহিনীর পক্ষে এসব দুর্গম এলাকায় নিয়মিত টহল সম্ভব হচ্ছে না। তারা জানান, এ সুযোগে সীমান্ত পার হয়ে কিছু কিছু সন্ত্রাসী মাঝে মধ্যে বাংলাদেশ ভূ--খণ্ডে ঢুকে পড়ছে। তবে সীমান্তএলাকা সন্ত্রাসীমুক্ত রাখতে নিরাপত্তাবাহিনী সম্প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে সূত্রগুলো দাবি করছে।