পাপিয়া হত্যার বিচারের দাবিতে নাগরিক প্রতিবাদ সভা
পাপিয়ার নির্মম মৃত্যু কোনও বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ হত্যাকাণ্ড কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লংঘনেরই অংশ। তাই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার বৃহত্তর অর্থে নারী অধিকার তথা মানবাধিকার প্রতিষ্ঠার জন্যেই প্রয়োজন।
কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) কর্মকর্তা অ্যাডভোকেট দিলরুবা হক পাপিয়া হত্যার বিচারের দাবিতে বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত নাগরিক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন।
পাপিয়া হত্যা বিচার দাবি পরিষদ আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আয়শা খানম, মালেকা বেগম, অ্যাডভোকেট সালমা আলী, নিশাত জাহান রানা।
মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা হক পাপিয়া বরিশালে স্বামীর বাড়িতে ঈদ করতে গিয়ে ৩ নভেম্বর স্বামী তুহিন ও শ্বশুর বাড়ির লোকজনের হাতে নির্মমভাবে খুন হন। শ্বশুর বাড়ির লোকজন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে তড়িঘড়ি করে তার লাশ দাফন করে ফেলে। পরে পাপিয়ার পরিবারের সদস্যদের চেষ্টায় কবর থেকে লাশ তুলে আবার সুরতহাল রিপোর্ট লাশের ময়নাতদন্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে বরিশাল থানায় একটি হত্যা মামলাও দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই বরিশালসহ দেশজুড়ে মানবাধিকার কর্মী ও সমাজের সচেতন অংশ এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আসছে।
