সাগরে সাইসমিক সার্ভের জন্যে মধ্য ডিসেম্বরের মধ্যে দরপত্র আহবান
দেশে তেল ও গ্যাস অনুসন্ধানে তৃতীয় রাউন্ড বিডিং এর প্রস্তুতি হিসেবে নন স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের নীতিমালা অনুমোদনের জন্যে সোমবার মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে ১৫ ডিসেম্বরের মধ্যে পেট্রোবাংলা বঙ্গোপসাগরে এ সার্ভে পরিচালনার জন্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সরকারের এ পর্যায়ে, অর্থাৎ তৃতীয় রাউন্ড বিডিংয়ে কেবলমাত্র বঙ্গোপসাগরের ব্লকগুলোতে তেল ও গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হবে। আগামী মার্চ নাগাদ এ দরপত্র আহ্বানের প্রস্তুতি হিসেবে এই সাইসমিক সার্ভের উদ্যোগ নেয়া হয়েছে।
সূত্রে প্রকাশ, সাগরের ১ লাখ ৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটারে সাইসমিক সার্ভে করার জন্যে একটি দক্ষ প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার জন্যে পেট্রোবাংলা একটি নীতিমালা চূড়ান্ত করেছে। সেই নীতিমালা বর্তমানে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছে।
সাইসমিক সার্ভে শেষে বঙ্গোপসাগরের ২০০ নটিক্যাল মাইল পর্যান্ত ২০টি নতুন ব্লক সৃষ্টি প্রাথমিক পরিকল্পনায় আছে। এর সাথে পিএসসি’র বাইরে থাকা সাগরের ১৫, ১৯, ২০ ও ২১ নং ব্লককে ভেঙ্গে ৮টি ব্লক করা হবে। এ পক্রিয়ায় সাগরে মোট ব্লকের সংখ্যা ২৮ হতে পারে। তবে তা চূড়ান্ত করা হবে সাইসমিক সার্ভের ফলাফল পাওয়ার পর।
এদিকে জ্বালানি মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাইসমিক সার্ভের জন্যে প্রণীত খসড়া নীতিমালা অনুমোদন করেছেন।
এ বিষয়টি নিয়ে বুধবার বিডিনিউজ--এর সাথে আলাপকালে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, ‘নীতিমালা আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছে। আশা করা যায়, এটি আগামীকাল বৃহস্পতিবার আমাদের কাছে আসবে। আর তারপর চূড়ান্ত অনুমোদনের জন্যে আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।’
তিনি বলেন, আমি আশাবাদি, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আমরা সাইসমিক সার্ভের জন্যে দরপত্র আহ্বান করতে পারবো।
