২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশা নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের বাণিজ্য

‘মশা’ এখন রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, মশক শাখা, কনজারভেন্সি শাখা ও জন প্রতিনিধিদের বড় বাণিজ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাসিকের সুষ্ঠু পরিকল্পনা ও আন্তরিকতার অভাব এবং জনপ্রতিনিধিদের মশক বাণিজ্যের কারণে বছর বছর বেড়েই  চলেছে  মশার উপদ্রব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

জনস্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র কীটতত্ত্ববীদ এস এইচ এম নুরুন্নবী চৌধুরী- এর সার্বিক তত্ত্ব¡াবধানে সম্প্রতি সপ্তাহব্যাপী আট সদস্য বিশিষ্ট একটি জরিপ দল নগরীর ২৮টি স্পটে ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশার ব্যাপক উপস্থিতি দেখে সাতটি এলাকাকে চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে।

জরিপ দলটি গত সেপ্টেম্বরে রাজশাহী সিটি করপোরেশনের কাছে অনুসন্ধানী প্রতিবেদনে এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশমালা প্রেরণ করলেও রাসিকের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত কমিশনারদের এ বিষয়ে অবহিত করেনি।

এ ব্যাপারে নগরীর গণকপাড়া এলাকার ১২ নম্বর ওয়ার্ডের কমিশনার শরিফুল ইসলাম বাবু বিডিনিউজকে জানান, গণকপাড়ায় ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশা  রয়েছে বলে তিনি জানেন না।

এদিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ড কমিশনার নিজামুল আজিমসহ অন্যান্য কমিশনারও অনুরূপ কথা বলেন।

ঝুঁকিপূর্ণ এলাকার ওয়ার্ড কমিশনাররা জানান, রাসিকের মশক শাখা, কিংবা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে তাদের কোন কিছুই জানায়নি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক কীটতত্ত্ববিদ খলিলুর রহমান বিডিনিউজকে জানান, রাজশাহীতে জরিপকালীন সময়ে ঝুঁকিপূর্ণ এলাকার ৪০টি বাড়িতে সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ নয়টি এডিস মশার উপস্থিতি দেখা গেছে।

রাজশাহীতে মশক নিধনে ব্যয় বৃদ্ধি পেলেও কমে গেছে মশক নিধনের কার্যক্রম এবং উপকরণসমূহ।

সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের দেওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের এক প্রতিবেদন থেকে জানা যায়, অক্টোবর ২০০১ থেকে মে ২০০৫ পর্যন্ত অর্থাৎ সাড়ে তিন বছরে মশক নিধন বাবদ ৫২৪ দশমিক ০৯ লাখ টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ প্রতিবছর ১৪৯ দশমিক ৭৪ লাখ টাকা ব্যয় হয়েছে।

এদিকে ১৯৯৯--২০০০ অর্থবছরে মশা নিধনে রাসিকের ব্যয় ছিল মাত্র ৬৫ লাখ টাকা।

২০০০ সালে মশক শাখায় উড়ন্ত মশা মারার ফগার মেশিনের সংখ্যা ছিল ২৬টি। তখন মশার লার্ভা নিধনের হ্যান্ড মেশিন ছিল ৩৫টি। এখন মাত্র ১০টি ফগার মেশিন ও ২৭টি হ্যান্ড মেশিন সচল রয়েছে। অন্যগুলো গত দুই বছরের অধিক সময় থেকে বিকল অবস্থায় পড়ে রয়েছে। 

রাজশাহীর ভারপ্রাপ্ত কীটতত্ত্ববীদ মো. আব্দুর রহমান জানান, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মশার বংশ বৃদ্ধি ঘটে বেশি। অথচ এ বছর ওই সময় রাসিকের মশক শাখায় মশা মারার পর্যাপ্ত ওষুধ ছিল না।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এডিশ মশা ডেঙ্গু ভাইরাস বহন করছে কিনা তা পরীক্ষারও তেমন ব্যবস্থা নেই।