নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাস মালিকদের বিরুদ্ধে কাঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে ঃ যোগাযোগ মন্ত্রী
নির্ধারিত ভাড়ার চেয়ে কোন রুটে বেশি ভাড়া নেওয়া হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
সংসদ অধিবেশনে মঙ্গলবার তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ১৯৮৩ সালের মোটর আইন অনুযায়ী রুট পারমিট বাতিলসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি সাংসদ মোহাম্মদ রুস্তম আলী ফরায়েজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা যদি প্রমান পাই কোন রুটে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে তাহলে সেসব বাস মালিকদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেবো।
তিনি বলেন, প্রতিটি বাসে ভাড়ার চার্ট থাকতে হবে।
বিএনপি সাংসদ এম এ হাশেমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরীর যানজট দূর করতে সরকার ২০ বছর মেয়াদী পর্যায়ক্রমিক পরিকল্পনা নিচ্ছে। তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার যানজট বহুলাংশে কমবে।
