২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির শোক র‌্যালি

দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যার প্রতিবাদে এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মঙ্গলবার ক্যাম্পাসে শোক র‌্যালি বের করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 04:47 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

শোক র‌্যালিটি সাংবাদিক সমিতির কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়।  র‌্যালিতে বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদ সংস্থা এবং টেলিভিশন চ্যানেলে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টাররা অংশ নেন। র‌্যালি শেষে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন অভি ও সাধারণ সম্পাদক ইমামুল হক শামীম।

বক্তব্যে কাজী সাইফুদ্দিন অভি বলেন, মুক্তবুদ্ধির চর্চা স্তব্ধ করে দিতে একের পর এক হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আর এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই সাংবাদিক হত্যা চলছে। তিনি অবিলম্বে গৌতম দাসের খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইমামুল হক শামীম গৌতম দাসের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।