কালিয়াকৈরে পরিত্যক্ত ভবন থেকে ১২টি তাজা বোমা উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ ক্যাম্পাসের বিএডিসির একটি পরিত্যক্ত ভবন থেকে পুলিশ সোমবার ১২টি তাজা বোমা উদ্ধার করেছে। পরে বোমাগুলোকে নিস্ক্রিয় করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় পুরো জেলায় আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ জানায়, স্কুল ছাত্র সোহেল রানা (১৪) ও শিপলু মিয়া (১৩) কোচিং সেন্টারে পড়ে বাড়ি ফেরার পথে ওই ভবন থেকে দু’জন সন্দেহভাজন যুবককে বের হয়ে আসতে দেখে। পরে তারা ভবনটির একটি কক্ষে একটি প্লাস্টিক ব্যাগের ভেতর লাল টেপ দিয়ে মোড়া বোমাগুলো দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ বোমাগুলো উদ্ধার করে। বোমার খবর দেওয়ায় এসপি আতিকুল ইসলাম ওই দুই স্কুল ছাত্রকে নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন।
