যশোর ও নওগাঁয় ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ মামলায় চার্জশিট দাখিল
যশোরে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ মামলায় নিষিদ্ধঘোষিত জেএমবি’র প্রধান শায়েখ আবদুর রহমান তার ভাই আতাউর রহমান সানি এবং অপর ইসলামী চরমপন্থী দল জেএমজেবি’র প্রধান বাংলা ভাইসহ পাঁচজনকে অভিযুক্ত করে সোমবার আদালতে পৃথক নয়টি চার্জশিট দাখিল করেছে পুলিশ।
অপরদিকে নওগাঁয় বোমা বিস্ফোরণ মামলায় দুই ইসলামী চরমপন্থীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, সিআইডি যশোর জোনের এএসপি মাওলা বক্স দুটি মামলার চার্জশিট দাখিল করেন। অপরদিকে সিআইডি ঢাকা সিটির ইন্সপেক্টর নূরুল ইসলাম চারটি, যশোর ক্যাম্পের ইন্সপেক্টর আবুল বাশার দু’টি এবং জিআরপি খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আলী যশোর সদর ‘ক’ অঞ্চল আমলি আদালতে একটি চার্জশিট দাখিল করেন।
তদন্তকারী কর্মকর্তারা যশোর, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করেন। চার্জশিটগুলোতে ২০ থেকে ২৫ জনকে সাক্ষী দেখানো হয়েছে।
অপর অভিযুক্তরা হলো যশোর ঘোপ ধানপট্টি এলাকার মৃত শাহিনের ছেলে সাগর ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের শেখ মোহাম্মদ হোসেনের ছেলে তুহীন।
পুলিশ সূত্র জানায়, চার্জশিটে বলা হয়েছে, শায়খ আবদুর রহমান, বাংলা ভাই এবং আতাউর রহমান সানি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ‘আল্লাহর সৈনিক’ হিসেবে আখ্যা দিয়ে সাগর ও তুহীনকে বোমা হামলার কাজে প্ররোচিত করেছে।
সতের আগস্ট যশোর জেলার ছয়টি স্থানে বোমা বিস্ফোরিক হয়। আরও তিনটি স্থান থেকে পুলিশ অবিস্ফোরিত তাজা বোমা উদ্ধার করে।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় নয়টি মামলা হয়।
এদিকে জেএমবি ক্যাডার সন্দেহে শনিবার রাতে কেশবপুরের পল্লীতে গ্রেপ্তারকৃত তিন তরুন-- শাহাবুদ্দিন, মাহমুদুল হাসান জুয়েল ও মহিবুল্লাহ ওরফে হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলায় নওগাঁয় ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় দুই ইসলামী উগ্রবাদীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর থানার ওসি মোশারফ হোসেন সোমবার এ চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো-- জেএমবি’র নওগাঁ আঞ্চলিক কমান্ডার নওগাঁর নিয়ামতপুর উপজেলার মধ্য পরানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল কাইয়ুম কায়েস ওরফে ভদু এবং জেএমবি’র অপারেশন কমান্ডার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ত্রিকুল গ্রামের শহীদুল্ল্যার ছেলে আবু সাইদ শেখ ওরফে হুসাইন।
আব্দুল কাইয়ুম জেলহাজতে অবস্থান করলেও অপর উগ্রবাদী নেতা আবু সাইদ শেখ পলাতক রয়েছে।
নওগাঁ পুলিশ সুপার জামিল আহমদ জানান, গ্রেপ্তারের পর ইসলামী উগ্রবাদী নেতা আব্দুল কাইয়ুম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নওগাঁয় সিরিজ বোমা বিস্ফোরণের সাথে জড়িত আবু সাইদ শেখ ওরফে হুসাইন ছাড়াও অপর কয়েকজন জেএমবি ক্যাডারের নাম প্রকাশ করে।
কাইয়ুম জেএমবি’র প্রধান শায়খ আব্দুর রহমান এবং জেএমজেবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নামও উল্লেখ করে। কিন্তু তদন্ত ও সাক্ষ্য প্রমাণে তাদের নাম না থাকা এবং এ মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার অপর ছয় ব্যক্তির বিরুদ্ধেও সাক্ষ্য প্রমাণ না থাকায় চার্জশিটে তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, জেলার নকলা উপজেলার কাজাইকাটা গ্রাম থেকে রোববার আটককৃত জেএমবি সদস্য সুমন সরকারকে (২০) সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
