২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সোমবার সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী।

এরপর প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী বেগম খালেদা জিয়া শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের তিন প্রধান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন।

সাত বীরশ্রেষ্ঠের নয়জন উত্তরাধিকারীসহ একজন বীর উত্তম, ২২ জন বীর বিক্রম এবং এবং ২৩ জন বীর প্রতীক ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার রূপকার বীর মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তাদের মর্যাদার শ্রেষ্ঠ আসনে বসাতে সরকার সব সময় সচেষ্ট।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যেকোনও প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্র“তিবদ্ধ।

এদিকে সশস্ত্র বাহিনী দিনস উপলক্ষে নৌ বাহিনীর জাহাজগুলো সর্বসাধারণকে প্রদর্শনের জন্যে সদরঘাটে রাখা হয়।