শীত কম, তাই জাবিতে অতিথি পাখি এখনও তেমন আসেনি
শীতের আমেজ কম বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনও তেমনভাবে অতিথি পাখি আসেনি। গতবছরও একই কারণে অতিথি পাখির সংখ্যা ছিলো কম।
জাবি’র চারটি লেকের মধ্যে এবার মাত্র প্রশাসনিক ভবনের সামনের লেকটিতে দু’শ’র মতো পাখি এসেছে।
পাখি গবেষকরা জানান, প্রতিবছর শীতের শুরুতে উত্তর গোলার্ধের শীত প্রধান দেশ রাশিয়া, সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসব অতিথি পাখি বাংলাদেশে আসে। প্রচণ্ড শীতের কবল থেকে জীবন বাঁচাতে অতিথি পাখিদের এই পরিভ্রমণ। এদের সঙ্গে দেশীয় যাযাবর পাখিও থাকে। জাবিতে প্রতিবছর প্রায় আট হাজার অতিথি পাখি আসে।
জাবি প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মনিরুল আলম বিডিনিউজকে জানান, তারা আশা করছেন, জাবি’র লেকে এবার ডিসেম্বরের মধ্যে কমপক্ষে আড়াই থেকে তিন হাজার অতিথি পাখির আগমন ঘটবে।
তিনি আরো জানান, প্রতিবছর ২০ থেকে ২৫ প্রজাতির অতিথি পাখি এখানে আসে। ৭০’র দশক থেকে ক্যাম্পাসে এসব পাখির আগমন ঘটছে। পর্যবেক্ষণে দেখা গেছে, এ পর্যন্ত ১২০ প্রজাতি অতিথি পাখির আগমন ঘটেছে।
জানা যায়, ক্যাম্পাসে অতিথি পাখির অধিকাংশই আসে হিমালয় অঞ্চল থেকে। এরমধ্যে কয়েক ধরনের বালিহাঁস রয়েছে। সাইবেরিয়া থেকে আসা পাখিদের মধ্যে রয়েছে, ল্যাঞ্জা, চা--পাখি, জিরিয়া, বাদামী কসাই, লালবুক চটক ইত্যাদি। দেশি যাযাবর পাখির মধ্যে সরালির সংখ্যাই বেশি।
এসব পাখি সাধারনত রাতে বিভিন্ন জলাশয় থেকে ছোট ছোট মাছ, কীটপতঙ্গ, জলজ উদ্ভিদ আহার হিসেবে গ্রহণ করে। দিনের বেলা এসব পাখি বিশ্রাম নেয়। অক্টোবরের শুরু থেকে মধ্য মার্চ মাস পর্যন্ত এরা জাবি’র লেকে অবস্থান করে। শীত কমে গেলে পাখিরা নিজ নিজ আবাসস্থলে ফিরে যায়। যে বছর শীত বেশি পড়ে, সে বছর পাখির সংখ্যাও থাকে বেশি।
ড. মনিরুল খান বলেন, বিশ্ববিদ্যালয়ের লেকে হাঁস--মুরগী পালন করা হয় না বলেই অতিথি পাখি থেকে বার্ড ফ্লু রোগের সংক্রামণ ঘটার কোনও সম্ভাবনা নেই।
উপচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বিডিনিউজকে জানান, জাবিতে অতিথি পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে লেকগুলো লিজ দিয়ে মাছ চাষের ব্যবস্থা বন্ধ করা হয়েছে।
