২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় ২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নওগাঁয় ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় দুই জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর থানার ওসি মোশারফ হোসেন দীর্ঘ তদন্ত শেষে সোমবার আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে অভিযুক্ত দুই আসামি হল-- জেএমবি’র নওগাঁ আঞ্চলিক কমান্ডার নওগাঁর নিয়ামতপুর উপজেলার মধ্য পরানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল কাইয়ুম কায়েস ওরফে ভদু এবং জেএমবি’র অপারেশন কমান্ডার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ত্রিকুল গ্রামের শহীদুল্ল্যার ছেলে আবু সাইদ শেখ ওরফে হুসাইন।

আব্দুল কাইয়ুম জেলহাজতে অবস্থান করলেও অপর জঙ্গি নেতা আবু সাইদ শেখ পলাতক রয়েছে।

নওগাঁ পুলিশ সুপার জামিল আহমদ জানান, গ্রেপ্তারের পর জঙ্গি নেতা আব্দুল কাইয়ুম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নওগাঁয় সিরিজ বোমা বিস্ফোরণের সাথে জড়িত জঙ্গি নেতা আবু সাইদ শেখ ওরফে হুসাইন ছাড়াও অপর কয়েকজন জঙ্গির নাম প্রকাশ করে।

কাইয়ুম জেএমবি’র প্রধান শায়খ আব্দুর রহমান এবং জেএমজেবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নামও উল্লেখ করে। কিন্তু তদন্ত ও সাক্ষ্য প্রমাণে তাদের নাম না থাকা এবং এ মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার অপর ছয় ব্যক্তির বিরুদ্ধেও সাক্ষ্য প্রমাণ না থাকায় চার্জশিটে তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।