ফরিদপুরে সাংবাদিক গৌতম হত্যাকাণ্ডে অংশ নিয়েছে ৬ সন্ত্রাসী
দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাসের হত্যাকাণ্ডে ছয় সন্ত্রাসী অংশ নিয়েছে। এদের মধ্যে চারজন ঘরে ঢুকে গৌতমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাকি দু’জন বাইরে দঁড়িয়ে পাহারা দেয়।
ফরিদপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামালউদ্দিনের কাছে ১৬৪ ধারায় রোববার এ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে গ্রেপ্তারকৃত আসাদ বিন কাদির।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী বিডিনিউজকে জানান, আসাদ জানিয়েছে, গৌতমকে গলায় দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবং একজন ঠিকাদারের একটি রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়ে রিপোর্ট করাই তাকে হত্যার কারণ।
স্বীকারোক্তিতে আরো জানানো হয়, আসাদ এবং তমিজ হাসান বাবু ওরফে ফেনসিডিল বাবু খুনের সময় গৌতমের ঘরের বাইরে ছিল। সিদ্দিক মিয়া আরো তিন জনকে নিয়ে ঘরের ভেতর ঢুকে গৌতমকে খুন করে।
তবে তদন্তের স্বার্থে পুলিশ সকলের নাম প্রকাশ করেনি।
সূত্র জানায়, ১৮ নভেম্বর ভোর ৭টা থেকে ৮টার মধ্যে গৌতমকে হত্যা করা হয়। হত্যাকারীদের মধ্যে তিনজন ফরিদপুর থেকেই এবং অপর তিনজন একটি মোটরবাইকে করে জেলার বাইরে থেকে আসে।
খুন করার জন্যে গৌতমকে এক সাপ্তাহ ধরে অনুসরণ করা হয়।
ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, গৌতমকে স্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজন হত্যাকারী দলের সদস্য। এপোলো নামে অপর একজনকে আটক করা হলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
সূত্র জানায়, মনি নামে এক ফেরিওয়ালা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের খুব কাছে ছিলো। এবং সে এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীর বয়ান দিতে পারে।
