২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পক্ষ থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ বোমা মেরে উড়িয়ে দেওয়ার অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোববার উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশগ্রহণ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া একথা জানান।

তিনি বলেন, নতুন এ নিরাপত্তা ব্যবস্থার অধীনে মন্ত্রীসহ প্রত্যেককে নিয়মতান্ত্রিকভাবে সচিবালয়ে প্রবেশ করতে হবে। এছাড়া সচিবালয়ে প্রবেশকারীদের তালিকা সংরক্ষণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, নতুন এ ব্যবস্থা সকলের জন্যে প্রযোজ্য হবে, এমনিক মন্ত্রী ও সচিবদের জন্যেও।

মন্ত্রী বলেন, দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত পাস দেওয়ায় সচিবালয়ের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়। তিনি বলেন, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের বৈধ পাস সংগ্রহ করতে হবে। বৈধ পাস ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করলে ওই ব্যক্তি এবং  সচিবালয়ের যে কর্মকর্তা বা কর্মচারি তাকে সহায়তা করবে, উভয়কেই শাস্তি ভোগ করতে হবে।   

কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই জঙ্গিরা সারা দেশে বোমা তৈরির সরঞ্জাম সরবরাহ করায় বৈঠকে কুরিয়ার সার্ভিসের জন্যে একটি গাইডলাইন তৈরির ব্যাপারেও আলোচনা করা হয়।

সচিবালয়ে হামলার আতংক ছড়িয়ে পড়ায় সরকার সচিবালয়ের ঠিকানায় আসা সকল ডাক ও পার্সেল স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও একটি মাত্র বিতরণ কেন্দ্র থেকে এসব পার্সেল বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সচিবালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সচিবালয়ের প্রবেশপথে ইতোমধ্যেই আমরা তিনটি স্ক্যানার বসিয়েছি।

এছাড়াও বৈঠকে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ টহল ও ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি)  স্থাপনসহ সচিবালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ওই কর্মকর্তা বলেন, সচিবালয়ের বাইরে অবস্থিত মন্ত্রণালয়েও একই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। যে কোনও ধরনের নাশকতামূলক ঘটনা এড়াতে সরকার সচিবালয়ের অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ ও ডগ স্কোয়াড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

এছাড়া সচিবালয়ে প্রবেশের সময় সরকারি পরিবহন পুলের সকল গাড়ি তল্লাশি করা হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ৫০ জনের বেশি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।