ব্যতিক্রমধর্মী আবাসন প্রকল্পের বাস্তবায়ন করছে পিংক সিটি
বাংলাদেশে প্রথমবারের মতো ডুপ্লেক্স প্রাইভেট হোম প্রকল্প তৈরি করছে জেনোভ্যালী মডেল টাউন লিমিটেড।
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি করা এ প্রকল্প ইতোমধ্যেই দেশের রুচিশীল মানুষদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরো জানায়, প্রকল্পটি বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পিংকসিটি প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য-- এর সবগুলো বাড়ির সাদৃশ্যময় ডিজাইন। এখানে নির্মিতব্য প্রতিটি বাড়িই হবে দোতলা। প্রত্যেকটি বাড়ির সামনেই থাকবে সবুজ লন এবং খোলা টেরেস। মুখোমুখি দু’টি বাড়ির মধ্যে থাকবে ৭০ ফিটের উপর খোলা জায়গা। এছাড়া চলাচলের জন্যে প্রশস্ত রাস্তা এবং পয়ঃনিস্কাশনের জন্যে থাকবে পরিকল্পিত ব্যবস্থাপনা।
রাজধানীতে বর্তমানে যেখানে ইউলিটিজ সার্ভিসের অপ্রতুলতা সত্ত্বেও প্রচুর পরিমাণে বহুতল ভবন গড়ে উঠছে, সেখানে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন এ সম্পর্কে জানেন, এমন বেশ ক’জন নগরবাসী। এ ধরনের স্থাপত্য ভূমিকম্পের সময়ও নিরাপদ এবং স্বল্প ঝুঁকিসম্পন্ন বলে সংশ্লিষ্ট স্থপতিরা মন্তব্য করেন।
জেনোভ্যালী মডেল টাউন হাউজিং কোম্পানিটির কর্পোরেট ম্যানেজার এন আই মাকসুদ বিডিনিউজকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া এই প্রকল্পটি পরিবেশের উপর অনুকূল প্রভাব ফেলবে। বিমানবন্দরের খুব কাছে এর অবস্থান হলেও বিমান উড্ডয়ন এবং অবতরনের ক্ষেত্রে এটি কোনও বিরূপ প্রভাব ফেলবে না।
কর্তৃপক্ষ জানান, পিংকসিটি প্রকল্পটি জেনোভ্যালী মডেল টাউনের একটি পাইলট প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা এবং সুনাম নিয়ে পরবর্তীতে একাধিক প্রকল্প গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই ঢাকার অদূরে জমি নির্বাচন ও ক্রয় করা হয়েছে।
