পাবনা, শেরপুর, নাটোর ও যশোরে জঙ্গি সন্দেহে ১০ জন আটক
জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সন্দেহে পাবনা, শেরপুর, নাটোর ও যশোরে শিশু ও মহিলাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ’র পাবনা প্রতিনিধি জানান, পুলিশ শনিবার রাতে জঙ্গি সন্দেহে জেলার ভাঙ্গুড়া পৌরসভার মেন্দা পালপাড়া থেকে দুই মহিলা এবং এক শিশুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জের ক্ষিদিরপুর গ্রামের আবু আহম্মদের ছেলে ইউসুফ আহমেদ, তার স্ত্রী আয়শা বেগম, ভোলা জেলার বাজারীগঞ্জ গ্রামের আজাহার শিকদারের ছেলে হাফেজ আব্দুল্লাহ শিকদার, তার স্ত্রী তাসলিমা বেগম এবং তাদের সঙ্গের সাত বছর বয়সী আলী আকবর।
পুলিশ জানায়, এরা দুই মাস ধরে কালেমার দাওয়াত দেওয়ার কথা বলে ভাঙ্গুড়া পৌরসভায় বাসা ভাড়া করে ছিলো। গ্রেপ্তারকৃতদের সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ সংশ্লিষ্ট থানায় বেতার বার্তা পাঠিয়েছে।
বিডিনিউজ’র নাটোর প্রতিনিধি জানান, পুলিশ জেলা কোর্ট চত্বর থেকে আবু বকর মণ্ডল নামে সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করে। তার বাবার নাম মনসুর মণ্ডল। গ্রামের বাড়ি রাজশাহীর পাথুরিয়া উপজেলায়।
বিডিনিউজ’র শেরপুর প্রতিনিধি জানান, জেলার নকলা উপজেলার কাজাইকাতা গ্রাম থেকে রোববার জেএমবির এক ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ সুজন সরকার (২০)। সুজন ১৭ আগস্ট শেরপুরে বোমা হামলার সাথে নিজের স¤পৃক্ততার কথা স্বীকার করেছে।
পুলিশ তার কাছ থেকে জঙ্গি বিষয়ক বেশ কিছু বইপত্র এবং ম্যাগাজিন উদ্ধার করেছে।
বিডিনিউজ’র যশোর প্রতিনিধি জানান, জেএমবি সন্দেহে শনিবার রাতে জেলার কেশবপুর উপজেলার ভয়তভয়না গ্রামের একটি ক্লাবঘর থেকে পুলিশ তিন যুবককে আটক করে।
রোববার কেশবপুর থানা পুলিশ শাহাবুদ্দিন, মহিবুল্লাহ ও মাহমুদ নামে ওই তিন যুবককে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে।
