২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন-ব্যালটি হাজ্বীদের জন্যে ভাড়া ১০০ ডলার কমিয়েছে বিমান!

বিমান পরিচালনা পর্ষদ নন-ব্যালটি হজ্ব যাত্রীদের উড়োজাহাজ ভাড়া আরো ১০০ মার্কিন ডলার কমিয়ে ১,০৫০ ডলার নির্ধারণ করেছে। শুক্রবার পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সভা সূত্র জানায়, হজ্ব কেলেঙ্কারির জের ধরে বৃহস্পতিবার আকস্মিকভাবে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন পদত্যাগ করায় পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মো. মুজাহিদ।

আগামী ১১ ডিসেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সহ বিদেশি এয়ারলাইন্সগুলোর হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে। এরআগে এবার বাংলাদেশ বিমান ব্যালটি হাজ্বীদের সৌদি আরব নিয়ে যাওয়ার জন্যে ৯৫০ মার্কিন ডলার ভাড়া নির্ধারণ করে। অপরদিকে বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা বৈঠকের পর বিদেশি এয়ারলাইন্সগুলো নন-ব্যালটি হাজ্বীদের ১,১৫০ ডলার ভাড়ায় সৌদি নিয়ে যেতে সম্মত হয়েছিলো।

তবে এভিয়েশন সূত্র মতে, এ পর্যায়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বিদেশি এয়ারলাইন্সগুলো আদৌ মানবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

এ বছর ৫০ হাজার নন-ব্যালটি হজ যাত্রী হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা। ব্যালটি হজ্বযাত্রী রয়েছেন দুহাজার ৬শ’ জন। বাংলাদেশ বিমান এসব ব্যালটি হাজ্বীদের পরিবহন করবে।

অন্যদিকে সৌদি এয়ারলাইন্স হজ্ব ফ্লাইটে মাত্র পাঁচ হাজার হজ্ব যাত্রী পরিবহনে সক্ষম। তবে নিয়মিত ফ্লাইটে তারা আরো ২০ হাজার হাজ্বী পরিবহন করতে পারবে। অন্যান্য এয়ারলাইন্স সর্বোচ্চ পাঁচ হাজার হজ্বযাত্রী পরিবহন করতে পারবে।

এরপরেও আরো প্রায় ২০ হাজার নন-ব্যালটি হজ্ব আদায় করতে পারছেন না বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।