জয়পুরহাটে পলাতক পাঁচ জন জেএমবি সদস্যের মালামাল ক্রোক
জয়পুরহাটে ১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনায় চার্জশীটভুক্ত পলাতক পাঁচ জেএমবি সদস্যের মালামাল শুক্রবার পুলিশ ক্রোক করেছে।
গত ১৭ নবেম্বর জেলা ও দায়রা জজ এন নারায়ন চন্দ্র দাস পলাতক পাঁচ জন জেএমবি সদস্যের মালামাল ক্রোক করার আদেশ দেন। পুলিশ ঐ আদেশ বলে শুক্রবার পাঁচ সদস্যের বাড়ি থেকে মালামাল ক্রোক করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা যায়, চার্জশটিভুক্ত পলাতক আসামীরা হলো-সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের আব্দুর করিমের পুত্র মন্সুর রহমান, বানিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র গোলাম মোস্তফা, দড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মেহেদি হাসান, ক্ষেতলাল উপজেলার মৃত আনছার আলীর পুত্র লিখন এবং উত্তর মহেশপুর গ্রামের মোকছেদ আলীর পুত্র জেএমবি’র কথিত আঞ্চলিক কমান্ডার পুলিশের মোস্ট ওয়ান্টেড মোন্তেজার রহমান।
১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনা ও জেএমবি কানেকশনে মোট ২৮ জনের বিরুদ্ধে গত ৩ অক্টোবর পুলিশ চার্জশীট দাখিল করে। এদের মধ্যে পুলিশ ২২ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়। অবশিষ্ট আট জনের পলাতক অবস্থা থেকে রউফ ও তুহিন নামে দুই জন ইতোমধ্যে আদালতে আত্ম সমর্পন করে এবং ড. গালিবের আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক হাফিজার রহমান গত ১৩ নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সম্প্রতি ঝালকাঠিতে দুইজন বিচারক জেএমবি’র বোমা হামলায় নিহত হলে জয়পুরহাট জেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সুপার আব্দুল্লা-আল-আজাদ চৌধুরী জেলায় ‘অরেঞ্জ এলার্ট’ জারী করেছেন।
