ব্রাহ্মণবাড়িয়ায় চিনির ট্রাক উল্টে ৩ পুলিশ হতাহত
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরের কাছে বারঘরিয়া নামক স্থানে শুক্রবার ভোর পাঁচটার দিকে পুলিশের রেশনের চিনিবাহী একটি ট্রাক উল্টে আর্মড পুলিশের একজন কনস্টেবল নিহত এবং অপর দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত কনস্টেবলের নাম আবদুর রাজ্জাক। তার বাড়ি টাঙ্গাইলে।
পুলিশ জানায়, সিলেটের দশম আর্মড ব্যাটেলিয়নের জন্যে নাটোর থেকে রেশনের চিনি নিয়ে যাওয়ার পথে ট্রাকের (পাবনা ১১-০০৯৫) চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
এতে কনস্টেবল আবদুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় এসআই আবদুস সেলিম ও কনস্টেবল মোহাম্মদ সালেক গুরুতর আহত হয়।
নিহত কনস্টেবলের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
