২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বোমা বিস্ফোরণ মামলায় আব্দুর রহমান ও বাংলা ভাইসহ ১১ জঙ্গির নামে চার্জশিট

বাগেরহাটে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জেএমবি’র ১১ সদস্যের নামে চার্জশিট দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এই সিরিজ বোমা বিস্ফোরণের তিন মাসের মাথায় বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানা পুলিশ আদালতে চার্জশিটটি দাখিল করা হলো। তবে পুলিশের এই চার্জশিটে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী বারাকাতুল্লাহ আল মোর্শেদ ও হামলাকারীদের বোমা সরবরাহকারী হিসেবে চিহ্নিত জনৈক সাব্বিরের নাম আসেনি। বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত আট জঙ্গিকে মামলা থেকে বাদ দিয়েছে পুলিশ।

চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, হাসান, শাফি, মোদারছিন, শরিফুল ইসলাম সোহাগ, গিয়াস উদ্দিন, আনিছুর রহমান আনিস, জিল্লুর রহমান ওরফে জিলু মোল্লা, কালিম মোল্লা ও আবু তালেব। এদের মধ্যে প্রথমোক্ত সাত জন পলাতক এবং অন্যরা কারাগারে রয়েছে। শায়খ আব্দুর রহামন ও বাংলা ভাই ছাড়া অন্যদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন গ্রামে।

চার্জশিটে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) জঙ্গিরা দেশে ইসলামী আইন ও শাসন ব্যবস্থা চালুর দাবিতে বাগেরহাটে এ সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায়।

জানা গেছে, এ মামলায় চার্জশিটভুক্ত আনিস, কালিম, জিলু মোল্লা ও আবু তালেব বাগেরহাট আদালতে পৃথক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ১৭ আগস্ট বাগেরহাটে বোমা বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা উদয়পুর গ্রামে জিলু মোল্লার বাড়িতে পরিকল্পনা সভার কথা স্বীকার করে বলে সেখানে জনৈক সাব্বির তাদের বোমা সরবরাহ করেছিলো। কিন্তু অভিযোগ পত্রে সাব্বির নামে কারও নাম আসেনি।

একইভাবে বাদ পড়েছে ২০০৩ সালে চট্টগ্রামে নিহত জেএমবি ক্যাডার নসরুল্লাহ এর ভাই বারাকাতুল্লাহ আল মোর্শেদের নাম। পুলিশ গত ২৪ আগস্ট তাকে গ্রেপ্তারের পর দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। অবশেষে ২ সেপ্টেম্বর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাগেরহাট রেল স্টেশন এলাকায় বোমা হামলা চালানোর দায় স্বীকার করে।

চার্জশিট থেকে সাব্বির ও বারাকাতুল্লাহর নাম বাদ দেওয়া প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন বলেন, মোর্শেদ ভয়ে আদালতে ওই জবানবন্দি দিয়েছিলো। তদন্তে দেখা গেছে, সে ওই ঘটনায় জড়িত নয়। তা ছাড়া ছাব্বিরের পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি। ফলে তাকে সনাক্ত করা সম্ভব হয়নি।’

এ মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃত যে আট জঙ্গিকে মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে, তারা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার কালদিয়া গ্রামের আল মারকাজুল ইসলামী আস সালাফী মাদ্রাসা ও ইয়াতিমখানার সুপারিনটেনডেন্ট ও আহলে হাদিস যুব সংঘ বাগেরহাট জেলা সভাপতি মু. জুবায়ের হুসাঈন ঢালী, ওই মাদ্রাসার শিক্ষক এবং জঙ্গি নসরুল্লাহ এর ভাই মো. বারাকাতুল্লাহ আল মোর্শেদ, ফকিরহাট কারামাতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সেলিম শেখ, চিতলমারী উপজেলার শৈলদহ মাদ্রাসার শিক্ষক গাজী আব্দুল্লাহ, মোল্লাহাট সারুলিয়া আহলে হাদিস মসজিদের ইমাম মাওলানা দাউদ শেখ, বাংলাভাইয়ের অনুসারী মোল্লাহাটের হেকমত মওলানার পুত্র জসিম মোল্লা, কৃষি ব্যাংক চিতলমারী শাখার নৈশপ্রহরী আবু বক্কর সিদ্দিক ও মোল্লাহাটের ওবায়েদুর রহমান।