‘নারী ও শিশু পাচার বৈশ্বিক ইস্যু, দক্ষিণ এশিয়ায় দরিদ্রতাই এর কারণ’
নারী ও শিশু পাচার এককভাবে কোনো রাষ্ট্রের নিজস্ব সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক ইস্যু। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দরিদ্রতাই এর প্রধান কারণ।
নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে বৃহস্পতিবার ‘সার্ক এজেন্ডায় নারী ও শিশু পাচার: প্রতিরোধের উপায়’ শীর্ষক খান ফাউন্ডেশন আয়োজিত এক জাতীয় সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
সম্মেলনে ‘বাংলাদেশে শিশু পাচারের সার্বিক অবস্থা’ বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন। সভাপতিত্ব করেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোকসানা খন্দকার। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে ইউনিসেফের প্রতিনিধি লুইস জর্জেস আরসেনাল্ট, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ব্যারিস্টার এম. হায়দার আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া বলেন, দারিদ্রতা দক্ষিণ এশিয়ার জনগনকে এ ধরনের কাজে উদ্বুদ্ধ করে। আমাদের দেশের পিতামাতারা সন্তানকে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাঠায়। কিন্তু দেখা যায়, তাদের বাধ্য করা হচ্ছে পতিতাবৃত্তিতে। উন্নত জীবন-যাপনের আশায় মানুষ এ ধরণের কাজে নিজেকে জড়িয়ে ফেলছে।
তিনি বলেন, সামাজিক সচেতনতার অভাবে নারী ও শিশুরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি এ কাজে খান ফাউন্ডেশনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সাহায্য করার আহ্বান জানান।
লুইস জর্জেস আরসেনাল্ট বলেন, মেয়ে শিশুরা পাচার হয় মূলত পতিতাবৃত্তির উদ্দেশ্যে। তাদেরকে এ অবস্থা থেকে উদ্ধারের পর প্রয়োজন আইনী সহায়তা এবং সামাজিক-মানসিক সাহায্য।
তিনি বলেন, এটি একটি ভয়াবহ সমস্যা। এ সমস্যা থেকে পরিত্রান পেতে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্বরাষ্ট্র সচিব সরফরাজ হোসেন বলেন, নারী ও শিশু পাচার রোধ, তথা নারীরা যাতে পতিতাবৃত্তিতে না জড়ায়, এ জন্য দেশে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ধরণের মামলা খুব দ্রুত সম্পন্ন করাই এর উদ্দেশ।
সম্মেলনে বক্তারা আরো বলেন, জনগণকে সচেতন করাই যথেষ্ট নয়, উপরন্তু দুস্থদের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে মানবিকভাবে বেঁচে থাকার সুযোগ দিতে হবে।
