বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে কিছু সমস্যা রয়েছে: হাওয়েলস
তিন দিনের বাংলাদেশ সফর শেষে বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কিম হোয়েলস বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে কিছু সমস্যা রয়েছে। তবে সকলের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এটি দূর করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকায় বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমি আশা করছি, এই মেঘ কেটে যাবে। ক্ষমতাসীন ও বিরোধী-উভয় দলের কাছে আমার আবেদন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে তারা যাতে একত্রে কাজ করেন।
হোয়েলস বলেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরো বিশ্বই নজর রাখছে।
তিনি বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের প্রশংসা করে বলেন, জনগণ যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে অবশ্যই তাদের খোলামেলা ও সৎ পন্থায় সবকিছু করার মানসিকতা থাকতে হবে। কেননা এটিই গণতন্ত্রের জন্যে জরুরী।
২০০৪ সালে সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, এটি একটি গুরুত্বপূর্ন বিষয় এবং এ ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় এবং কেউ বিচারের আওয়তায় না আসায় ব্রিটিশ সরকার খুবই হতাশ। এটি শুধু নিন্দার বিষয় নয়। ঝুঁকি এড়াতে তাদের অবশ্যই বিচারের আওয়তায় আনা দরকার।
হোয়েলস বলেন, বিনিয়োগকারীরা কোন দেশে বিনিয়োগ করতে গেলে সেদেশের স্থিতিশীলতা দেখতে চায়। যেখানে সুইসাইড স্কোয়াডের হুমকি থাকে, সেখানে তারা বিনিয়োগে আগ্রহী হয় না। তিনি বলেন, সরকার এখন বুঝতে পারছে না যে, তারা জনগনকে উপেক্ষা করছে।
তিনি বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ এবং সহনশীল রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন, আমি দেখেছি, এখানকার ধর্মীয় নেতারা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। যদি তাদের (সন্ত্রাসী) দমন করা যায়, তাহলে এখানকার জনগনের জীবনযাত্রা মানের উন্নতি ঘটবে।
সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এবং ফরেন অ্যান্ড কমনওয়েলথ কার্যালয়ের অ্যান্টনি স্টোকস উপস্থিত ছিলেন।
