ধর্মঘটের দ্বিতীয় দিনে জাবি কার্যত অচল: ভর্তি ফরম বিক্রি অব্যাহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে দু’দিনব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়ে।
প্রগতিশীল ছাত্র জোটের ডাকা ধর্মঘটের কারণে কোনও বিভাগে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে ধর্মঘট সত্ত্বেও ভর্তি ফরম বিক্রি অব্যাহত রয়েছে। বুধবার পর্যন্ত ৬০ হাজার ফরম বিক্রি হয়েছে বলে ব্যাংক সূত্র জানায়।
এদিকে ধর্মঘটের সমর্থনে বুধবার ছাত্র জোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে। একই দাবিতে তারা বৃহস্পতিবার একাডেমিক ভবন ঘেরাও করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, এ বছর ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের মূল্য আগের চেয়ে ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ছাত্র জোট ২৪ অক্টোবর থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।
