২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বেড়া দেবে ভারত

ভারত বাংলাদেশের সঙ্গে আড়াই হাজার মাইল সীমান্ত বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে সেখানে দ্রুত বেড়া নির্মাণ শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

টাইমস অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে বিভিন্ন ইসলামি জঙ্গি গ্রুপের তৎপরতা বেড়ে যাওয়ায় ভারত এ সিদ্ধান্ত নিয়েছে।

পশ্চিমা কূটনীতিকদের উদ্ধৃত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল কায়েদা নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন জঙ্গি গ্রুপের সশস্ত্র হামলার ঘটনা বাংলাদেশে বাড়ছে। কিন্তু বাংলাদেশ সরকার এসব তৎপরতা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভবিষ্যতে সন্ত্রাস ও অস্ত্র চোরাচালান থেকে মুক্ত থাকার জন্য ভারতের মন্ত্রিসভা অতি দ্রুত বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের শেষ পর্যায়ে এ নির্মাণ কাজ শেষ হবে। নিরাপত্তা বেড়া বিএসএফ প্রহরায় থাকবে এবং বেড়ার গায়ে বিদ্যুতায়িত তার থাকবে।

প্রতিবেদনে ২০০৫ সালের ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলাসহ বাংলাদেশের অন্যান্য বোমা হামলার ঘটনাগুলো উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে বোমা হামলাগুলোর মধ্যে ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলা ছিল সবচেয়ে মারাত্মক। ওইদিন শুধু ঢাকায় বিস্ফোরণ ঘটানো হয়েছিল ২৮ টি বোমা। প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, সুপ্রিম কোর্টসহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিস্ফোরিত হয় এসব বোমা।

টাইমস অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের সময় পাওয়া লিফলেটে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের এখনই সময়।’ এছাড়া লিফলেটে বুশ ও ব্লেয়ারকে সতর্ক করে দিয়ে মুসলিম দেশসমূহ থেকে বের হয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানে তালেবানদের পক্ষের সাবেক যোদ্ধা বাংলা ভাইয়ের নেতৃত্বে গড়ে উঠেছে জামাআতুল মুজাহিদীন। বাংলাদেশের বিরোধী দল ও কূটনীতিবিদদের বিশ্বাস, বাংলা ভাই ও অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে। কারণ সরকারের শরিকদের সাথে তারা সম্পর্কযুক্ত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট সরকারে দুটি মৌলবাদী দল রয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর রয়েছে ১০ ভাগ ভোটার। অপর মৌলবাদী দলটি হচ্ছে ইসলামি ঐক্যজোট।

টাইমস অনলাইনকে একজন কূটনীতিবিদ জানান, ইসলামি ঐক্যজোটের সিনিয়র সদস্যরা নিজেদের তালেবান ও লাদেনের অনুসারী বলে দাবি করেন।

ওই কূটনীতিক ইসলামি ঐক্যজোটকে ‘প্রকৃত উন্মাদ’ বলে উল্লেখ করে বলেন, আমেরিকা বিরুদ্ধে যারা সংঘাতে লিপ্ত এ দল তাদের মধ্যে একটি। এছাড়া বোমা হামলায় সংশ্লিষ্ট কিছু লোক সরসরি ক্ষমতাসীনদের সাথে জড়িত।