২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটার প্রত্যন্ত গ্রামের কৃষক পিতার গর্ব ছিলেন জগন্নাথ পাড়ে

ঝালকাঠিতে দুস্কৃতকারীদের নিক্ষিপ্ত বোমায় নিহত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ের (৩৫) বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার প্রত্যন্ত গ্রাম পদ্মায়। গ্রামজুড়ে এখন শোকের মাতম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

কৃষক পিতা রাম নারায়ণ পাড়ের চার ছেলের মধ্যে জগন্নাথ পাড়ে দ্বিতীয়। দরিদ্র পরিবারের সন্তান হিসেবে তার অপর ভাইয়েরা পড়াশুনার সুযোগ না পেলেও মেধাবী ছাত্র জগন্নাথকে উচ্চ শিক্ষিত করতে বাবা ও ভাইয়েরা ছিলেন মরিয়া। তাদের চেষ্টা আর প্রত্যাশা পুরণ করতে পেরেছিলেন জগন্নাথ। ১৯৮৬ সালে ভাল ফলাফল নিয়েই এসএসসি পাশ করেন তিনি। এরপর ভর্তি হন ঢাকা কলেজে। সেখান থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এখান থেকে অনার্স ও মাস্টার্স শেষে অংশ নেন দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায়। তাতেও সাফল্য অটুট রাখেন জগন্নাথ। আট বছর আগে সহকারী বিচারক হিসেবে চাকরি পান। কর্মক্ষেত্রেও নিষ্ঠা ও দায়িত্বশীলতা তাকে সিনিয়র সহকারী জজ-এর পদোন্নতি এনে দেয়। কিন্তু সে নিষ্ঠাই হয়তো কাল হয়ে দেখা দিয়েছে জগন্নাথ পাড়ের জন্যে।

বাবা নারায়ণ পাড়ের সেই গর্বের সন্তান এখন কেবলই স্মৃতি। বাবা-মা, স্ত্রী ও আড়াই বছর বয়সী পুত্রের কাছ থেকে সে এখন দূরে...অনেক দূরে।