চট্টগ্রামের আদালতে বিচার কাজ বন্ধ, প্রতিবাদের ঝড়
ঝালকাঠিতে বোমা হামলায় দু’জন সহকারী জজ নিহত হওয়ার প্রতিবাদে বিচারক ও আইনজীবীরা আদালত বর্জন করলে সোমবার চট্টগ্রামের আদালতে সব ধরনের বিচার কার্যক্রম বন্ধ থাকে।
এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হয় এবং চট্টগ্রাম আদালতের ৩৫জন বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান পাটওয়ারীর কক্ষে জরুরী সভায় মিলিত হন।
সভায় সর্বসম্মতভাবে প্রতিবাদ হিসাবে বিচার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
আইনজীবিরাও এই সিদ্ধান্ত সমর্থন করে আদালত বর্জন করেন এবং বিচারক হত্যার প্রতিবাদে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবিদের বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গনের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে।
বিচারক ও আইনজীবিদের বর্জনের কারণে জেলা ও মহানগরের জজ আদালত, ম্যাজিষ্ট্রেট আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালের প্রায় ৭০টি এজলাসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ঝালকাঠিতে বোমা হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চট্টগ্রামে আদালতে বিচারক, আইনজীবি,কর্মকর্তা, কর্মচারী ও বিচর প্রার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং আদালত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করতে থাকে।
আতংকে লোকজন আদালত এলাকা ত্যাগ করা শুরু করে।
চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাজেদুল হকের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বিচারক ও আদালত প্রাঙ্গণে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় জোট সরকারের পদত্যাগ দাবি করেন।
প্রতিবাদ সভায় আইনজীবীরা বিচারকদের ওপর বোমা হামলার জন্যে ধর্মান্ধ জঙ্গি মৌলবাদী গোষ্ঠীকে দায়ী করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম, সাইদুল ইসলাম, মোহাম্মদ মজিবুল হক, মনতোষ বড়ুয়া, অশোক দাশ।
চিহ্নিত জঙ্গি গোষ্ঠীকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কারণে বিচারকদের ওপর বারবার হামলা হচ্ছে বলে আইনজীবীরা অভিযোগ করেন।
