২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বোমা হামলাকারী মামুন জেএমবি সদস্য ও আবদুর রহমানের অনুসারী

ঝালকাঠিতে মঙ্গলবার সকালে বিচারকদের গাড়ির ওপর বোমা হামলাকারী মামুন জানিয়েছে, সে জেএমবির সদস্য এবং তার নেতা আবদুর রহমান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 02:04 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গ্রেপ্তারকৃত মামুনের সাথে কথা বললে সে বিডিনিউজকে জানায়, তার বাড়ি রাজশাহী জেলায়। তার বাবা কামরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গার্ড হিসেবে কর্মরত। রাজশাহী মসজিদ মিশন একাডেমীতে মামুন নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। তারা পাঁচ ভাই ও এক বোন।

মামুন আরও জানায়, রাজশাহীর সুমনের নির্দেশে সে গত ১২ দিন আগে ঝালকাঠিতে আসে এবং ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামে আশ্রয় নেয়। সেখানে জনৈক করিমের তত্ত্বাবধানে মামুন ১০ দিন ধরে বোমা বিষয়ে প্রশিক্ষণ নেয়।

মামুন জানায়, বোমা বিষয়ে সে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেনি। এ কারণে বোমা ফেলার সময় সে নিজে আহত হয়। মামুন এর আগে আরও দু’বার বোমা ফেলার উদ্যোগ নিয়েছিল বলে জানায়।

মামুন জানায়, করিম তাকে জজদের ওপর বোমা ফেলতে নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার সকালে করিম জজদের বাসার কাছে মামুনকে রেখে যায় । করিম তখন মামুনকে নির্দেশ দেয়, সকাল ৯ টার সময় জজরা বাসা থেকে বের হবেন এবং তখন বোমা ফেলতে হবে।

আহত মামুনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।