আফগানিস্তানের অন্তর্কলহ সার্কের পূর্ণ সুবিধা লাভে বাধা হতে পারে : কিউএএমএ রহিম
সার্কের সাবেক মহাসচিব কিউএএমএ রহিম সার্ক পরিবারের নতুন সদস্য আফগানিস্তান তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবে কি-না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।
তিনি বলেন, ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে আফগানিস্তান দক্ষিণ এশিয়ার অংশ। তাই অনেকেরই আশা ছিল, দেশটি সার্কের সদস্য হবে। আফগানিস্তান সার্কের সদস্য হওয়ায় আমরা আনন্দিত। তবে দেশটির অন্তর্দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত তারা সার্কের সকল সুবিধা গ্রহণ করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে।
সার্কের সদস্য পদের ব্যাপারে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের আবেদন সরকার ও রাষ্ট্রপ্রধানরা স্বাগত জানানোয় আফগানিস্তান হবে সার্ক পরিবারের অস্টম সদস্য।
১৯৮৫ সালে ঢাকায় বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে সার্ক গঠিত হয়।
সন্ত্রাস ও দুর্যোগ ব্যবস্থাপনা ইস্যুর উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব জুড়ে আজ সন্ত্রাসের থাবা বিস্তৃত এবং সন্ত্রাসীদের কোনও নিজস্ব দেশ নেই। দক্ষিণ এশিয়া একের পর এক দুর্যোগের সম্মুখিন হচ্ছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সমস্ত দুর্যোগ মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, ত্রয়োদশ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাস ও দুর্যোগ ব্যবস্থাপনায় দৃঢ় সিদ্ধান্ত বেরিয়ে আসবে বলে আশা করা হয়েছিল। সেই দৃষ্টিকোন থেকে হতাশ হতে হয়েছে।
দারিদ্র্য বিমোচনের ব্যাপারে রহিম বলেন, এ ক্ষেত্রে অনেক প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে বিধায় নির্ধারিত সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচন অবশ্যই সম্ভব।
সাবেক সার্ক মহাসচিব জানান, তিনি আশা করেছিলেন, সার্ক দারিদ্র্য বিমোচন তহবিল (এসপিএএফ) গঠনে আরও দৃঢ় সিদ্ধান্ত নেয়া হবে।
সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ২০০৬-২০১৫ সালকে সার্ক দারিদ্র্য বিমোচন দশক হিসেবে ঘোষণা করেছেন এবং সার্ক দারিদ্র্য বিমোচন তহবিল গঠন করেছেন (এসপিএএফ)।
