২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬-১৫ দারিদ্র্য বিমোচন দশক: সার্কের ঘোষণা

ত্রয়োদশ ঢাকা সার্ক শীর্ষ সম্মেলনে নেতারা ২০০৬-১৫ সময়কে সার্ক দারিদ্র্য বিমোচন দশক ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণায় বলা হয়, এ সময়ের মধ্যে দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যমুক্ত করতে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা নেয়া হবে।

নেতৃবৃন্দ সার্ক দারিদ্র্য বিমোচন তহবিল (এসএপিএফ) গঠনের কথা বলেন।

দারিদ্র্য বিমোচনের মতো ইস্যুগুলো সমাধানের জন্যে একটি বিশেষ ফোরাম গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সার্ক নেতৃবৃন্দ।

তারা অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্র্শ অনুযায়ী মন্ত্রিদের পরিকল্পনা গ্রহণ এবং কৌশল নির্ধারনের কথা বলেন।

পাকিস্তান অর্থনীতি বিশেষজ্ঞদের পরামর্র্শ অনুযায়ী আগামী বছর অর্থ ও পরিকল্পনা মন্ত্রিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করবে।

সার্ক দারিদ্র্য বিমোচন তহবিল (এসএপিএফ) পরে দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল (এসডিএফ) হিসেবে কাজ করবে।

সার্ক উন্নয়ন তহবিল সার্কের অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। স্থায়ী সচিবালয়ে এটি সার্কের সামাজিক অবকাঠামো ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করবে।

প্রতি সম্মেলনের তিন মাসের মধ্যে এবং এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্ব ব্যাংকের বার্ষিক বৈঠকের বাইরে সার্ক অর্থমন্ত্রিরা বৈঠকে বসবেন বলে নেতারা সিদ্ধান্ত নেন। এসময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রিরা সহস্রাব্দের উন্নয়ন পরিকল্পনার আওতায় পরিবেশ, বিদেশি পুঁজি, অর্থনৈতিক খাতের সংস্কার এবং সহযোগিতার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।