২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ১৭ আগস্টের বোমা হামলা: জেএমবির আঞ্চলিক কমান্ডারের স্বীকারোক্তি

পঞ্চগড়ে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার তিন মাস পর জামা‘আতুল মুজাহিদীনের (জেএমবির) আঞ্চলিক কমান্ডার মো. আজিজুল ইসলাম মজনু (২৮) বোমা হামলার দায়িত্ব স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। সে জানায়, সেসহ নয় জেএমবি সদস্য বোমা হামলায় জড়িত ছিল।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পঞ্চগড় থানা পুলিশ পর পর দু‘দফায় আট দিনের রিমান্ড শেষে তাকে রোববার পঞ্চগড় ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় বোমা হামলার দায়িত্ব স্বীকার করে।

গ্রেপ্তারকৃত মজনুর বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি গ্রামে। পঞ্চগড় থানার পুলিশ ২৮ অক্টোবর তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ ফকির জানান, বোমা হামলায় জড়িত পলাতক জঙ্গিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

আজিজুল ইসলাম মজনু স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, জেএমবি নেতা খলিল ও রশিদুল নাটোরের আউয়াল নামে এক ব্যক্তির কাছ থেকে পঞ্চগড়ে বোমা নিয়ে আসে। হামলার দিনে সকাল সাড়ে ৯টায় এরা পঞ্চগড় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন ফাঁকা জায়গায় বসে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বোমা হামলার চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে।

বোমা হামলার সপ্তাহখানেক আগে তারা দেবীগঞ্জের কালিগঞ্জ বাজার মসজিদ সংলগ্ন এলাকায় একটি প্রস্তুতিমূলক সভাও করে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, শহরের পারভীন স্টোর থেকে আটক জেএমবি নেতা মোমিন পঞ্চগড়ে বোমা হামলার মূল হোতা। সে ড.গালিব সমর্থিত আহলে হাদীস যুব সংগঠনের পঞ্চগড় শাখার দপ্তর সম্পাদক। পরে সে জেএমবিতে যোগদান করে। মোমিনের বাড়ী পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায়।

মজনু জানায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জের খলিলুর রহমান খলিল এদের পৃষ্ঠপোষক। খলিল ২০০৩ সালের ১৫মে পঞ্চগড়ের ধাক্কামারার খালপাড়া থেকে বোমা তৈরির সরঞ্জাম, জঙ্গি বিষয়ক বইপুস্তকসহ আটক চার জঙ্গির আদালত থেকে জামিনদার ছিলো।